বাগেরহাটে নদী সাঁতরে পালিয়ে গেল সন্ত্রাসী বিলু
পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের হাত ফসকে ভৈরব নদ সাঁতরে পালিয়ে গেছে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবদল নেতা খাদেম নিয়ামুল কাদির বেলাল ওরফে বিলু (২৮)।
পুলিশ এ সময় তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে মঙ্গলবার রাতে র্যাব, পুলিশ ও বিডিআরের যৌথ অভিযানকালে শহরের হাড়িখালি এলাকায় এই ঘটনা ঘটে।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ মঙ্গলবার দুপুর থেকে বাগেরহাট শহর ও তার আশপাশের এলাকায় এই অভিযান শুরু করেছে। গত দুই দিনে বাগেরহাট সদর থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করেছে। এদের বাগেরহাট থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষদের ছেড়ে দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব, পুলিশ ও বিডিআরের একটি যৌথ দল মঙ্গলবার রাতে শহরের হাড়িখালি এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিলু ও তার কয়েকজন সহযোগীকে চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় বিলু ভৈরব নদে ঝাঁপিয়ে সাঁতরে নদী পার হয়ে চলে যায়। তাকে ধরতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুঁড়লেও অন্ধকারে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে মঙ্গলবার বিভিন্ন এলাকায় আটককৃতদের মধ্য থেকে পুলিশ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু (৩০) সহ চার যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
ধৃত অপর তিনজন হচ্ছে, আলম হাওলাদার (২৮), আরিফ উদ্দিন (২৫) ও বেল্লাল খলিফা (২৬) নামে চার যুবককে গ্রেফতার করেছে। এদের নামে বিভিন্ন মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল জানান, অভিযানকালে আটক কোন নিরাপরাধকে হয়রানি করা হবে না। যাচাই বাছাই শেষে নির্দোষদের ছেড়ে দেয়া হচ্ছে।
