পাবনায় তিন দলের বন্দুকযুদ্ধে আহত ৩০, গ্রেফতার ৫০
পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী চরভগিরথপুরে বুধবার দুপুরে চর দখল নিয়ে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় র্যাব ও পুলিশ ১০/১২ টি আগ্নেয়াস্ত্রসহ অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১৫ জনের অবস্থা আশংকাজনক।
তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও চর দখল নিয়ে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী পদ্মার চর ভগিরথপুরে খাস জমি দখল নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জের ধরে দুপুর দেড়টার দিকে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। এসময় প্রায় ২০০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ রাউন্ড তাজা গুলি, চারটি শটগান, দুইটি দেশি বন্দুক, বিপুলসংখ্যক রামদা ও বল্লম উদ্ধার করেছে।
পাবনার পুলিশ সুপার আবদুল্লাহহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন,‘ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
