২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জামিন কেলেঙ্কারির অভিযোগ

নাটোরের নলডাঙ্গা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলু, তার ভাই পিপি রুহুল আমিন টগর এবং নাটোর জেলা ও দায়রা জজ আব্দুস সাত্তার ভূঁইয়ার বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে ওই মামলার আসামীদের জামিন করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মামলার বাদি রফাতুল্ল্যাহ প্রামাণিক বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরেরও দাবি জানান।

সকাল সাড়ে ১১টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পিতা রফাতুল্যাহ প্রামাণিক, বড় ভাই মজনু এবং আত্মীয় আশরাফুল ইশরাইল ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন।

বাদি অভিযোগ করেন, রফিকুলের হত্যাকারীরা পলাতক। তারপরও একটি মিসকেস দেখিয়ে আইন বহির্ভূতভাবে ২২ অক্টোবর নাটোরের জেলা ও দায়রা জজ আদালত থেকে সাবেক উপ-মন্ত্রী দুলুর নির্দেশে মন্ত্রীর ভাই পিপি রুহুল আমিন টগর এবং নাটোর জেলা ও দায়রা জজ আব্দুস সাত্তার ভূঁইয়া যোগসাজোস করে চার্জশীটভুক্ত ছয় আসামীর জামিন করিয়ে নেয়। মিসকেসের ক্ষেত্রে আবেদনে মামলার এজাহারের কপি দাখিল করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি।

এদিকে, জামিন নিয়ে আসার পর থেকে মামলা তুলে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে বাদিপক্ষ অভিযোগ করেছেন। এ ছাড়া নলডাঙ্গায় দুলুর ভয়ে থানা কর্তৃপক্ষও জিডি নিচ্ছে না বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মে মাসের শুরুতে নলডাঙ্গার ছাতারভাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজে দুলুর ক্যাডাররা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুনসুর মেম্ববারের কাছে চাঁদা দাবি করে। এ সময় রফিকুল তাদের বাধা দিলে দুলুর ক্যাডারা হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে দুলুর ক্যাডার সোহরাব হোসেন বলাই ৫ জুলাই সন্ধ্যার পর চা-মিষ্টি খাওয়ার নাম করে রফিকুলকে ডেকে নিয়ে যায়। রাত ১০ টার দিকে কুঠিপাড়া কালভাটের কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নলডাঙ্গা থানায় মামলা করলে পুলিশ সোহরাব হোসেন বলাইকে গ্রেফতার করে। বলাইয়ের স্বীকারোক্তি ও আদালতে সাক্ষীদের জবানবন্দীসহ বিভিন্ন সাক্ষ্য প্রমাণের পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ৯ জনকে অভিযুক্ত করে ১০ অক্টোবর আদালতে চার্জশীট দেয়।

চার্জশীটে আসামী মিজানুর রহমান, ইয়াকুব আলী, আমজাদ হোসেন, খোরশেদ আলম, হাবিবুর রহমান, সেন্টু, নুরুল, রইদুল, সোহরাব আলী বলাইয়ের নাম উল্লেখ করা হয়।