২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাঘের চামড়া উদ্ধার, শিকারী আটক

শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামের শিকারী নূরুজ্জামান ঘরামীর (৪৫) বাড়ি থেকে বুধবার রাতে পূর্ণ বয়স্ক একটি রয়েল বেঙ্গল টাইগারের কাঁচা চামড়া উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নূরুজ্জামানকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী সুন্দরবন বিভাগের ডেপুটি রেঞ্জার খান হাফিজুর রহমান বলেন, “গোপনে সংবাদ পেয়ে মঙ্গলবার ক্রেতা সেজে নূরুজ্জামানের সাথে যোগাযোগ করি। চামড়াটির দাম ঠিক হয় এক লাখ কুড়ি হাজার টাকা। বুধবার রাতে টাকা পরিশোধ করে চামড়া আনার নামে বনকর্মীরা চামড়াসহ তাকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে আসে।”

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, চামড়াটি একটি পুরুষ বাঘের। লেজ থেকে মাথা পর্যন্ত ৯ ফুট ৫ ইঞ্চি লম্বা। ২০০৪ সালে সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা ক্রেতা সেজে পিরোজপুর জেলার জ্ঞানপাড়া এলাকা থেকে আরো একটি বাঘের চামড়া উদ্ধার করেছিল।

বন বিভাগ জানায়, আটক নূরুজ্জামান পেশায় কাঠ চোর। সুযোগ বুঝে বন্যপ্রাণীও শিকার করে থাকে। তার নামে শরণখোলা থানায় বেশ কিছু মামলা রয়েছে। তার পিতার নাম ইফসুফ ঘরামী। গত বছর কয়েকটি হরিণের চামড়াসহ নূরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছিল।

নূরুজ্জামান জানায়, পূর্ব সুন্দরবনের ২৪ নং কমপার্টমেন্টের মরা ভোলা ক্যাম্প এলাকায় এক সপ্তাহ আগে মাংসের সাথে বিষ মিশিয়ে টোপ ফেলে বাঘটি শিকার করা হয়। সে দাবি করেছে, এর আগে সে কখনো বাঘ শিকার করেনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। নূরুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে।