পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
পাবনা জেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাটগাড়ীতে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
নিহত দুই ব্যক্তির মধ্যে একজন হলেন তাসলিমা খান (৩০)। তিনি সাঁথিয়া উপজেলার বনগ্রামের আকরাম হোসেনের স্ত্রী। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, আকরাম হোসেন তার স্ত্রী, সন্তান ও কয়েকজন আত্মীয় নিয়ে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জের এনায়েতপুরে যাচ্ছিলেন। সকাল ১০টায় মাইক্রোবাসটি বগুড়া--নগরবাড়ী মহাসড়কের পাটগাড়ী নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটি পাশ্ববর্তী একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাসলিমা এবং অজ্ঞাতনামা একজন মারা যান। এ ঘটনায় তাসলিমার শিশু সন্তান ফাহাদ (৪) এবং ছানি (৩) সহ ১০ জন আহত হন।
আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
