কুমিল্লা ও বরিশালে সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত
কুমিল্লার চান্দিনা ও বরিশালের বাকেরগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের (চট্টো মেট্রো-ব-০১১-৭২০৯) একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মারা যান। এর মধ্যে চালকসহ মাইক্রোবাসের তিন যাত্রী ও বাসের চার যাত্রী রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল--পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের খেজুরতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এরা হলেন আব্দুর রশিদ হাওলাদার (৫০) ও তার স্ত্রী নীলুফার বেগম (৩৮)। এ ঘটনায় আরও চারজন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
