দৌলতদিয়া ফেরিঘাটে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২
জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে রোববার ভোররাতে নৌ--পুলিশ জাপানের তৈরি দুটি রিভলবার ও এক রাউণ্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো যশোর জেলার ঝিকরগাছা থানার মাটিকসরা গ্রামের হাফিজ (৩০) ও বাসের হেলপার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগী গ্রামের নয়ন (২২)।
নৌ--ফাঁড়ির কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তল্লাশির অংশ হিসেবে রাত প্রায় ২টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ছাদে বহনকারী আমের চারার মধ্য থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
