২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার শেষ সুযোগ ৬ষ্ঠ দফা সংলাপ

সমঝোতার শেষ সুযোগ হিসেবে সোমবার বসছে ষষ্ঠ দফা সংলাপ। গত পাঁচটি বৈঠকে দেশের দুই প্রধান রাজনৈতিক দল কোনো সমঝোতায় না আসতে পারায় এই বৈঠকেও তারা আদৌ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান বিচারপতি কে এম হাসানের সম্ভাব্য নিয়োগ নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনাই দেখছেন না সংশ্লিষ্ট মহল। এরকম সংশয়ের মধ্যেই বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সোমবার আবার সংলাপে বসছেন।

জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় ষষ্ঠবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে আওয়ামী লীগ বিচারপতি কেএম হাসানের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৫ অক্টোবর এই দুই শীর্ষ পর্যায়ের নেতা সংস্কার প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছাতে সংলাপ শুরু করেন। দীর্ঘ পাঁচটি বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের বিষয়ে কোনো আপোস রফা হয়নি। 

আওয়ামী লীগের সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজ বিমানে লন্ডন থেকে ঢাকায় আসছেন।

একটি সূত্র জানায়, আবদুল জলিল সকালে দলের সভানেত্রীর সঙ্গে কথা বলেই সংলাপে যাবেন।

এদিকে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক সরকারের ক্ষমতা হস্তান্তরের পর একজন নির্দলীয় ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিচারপতি কে এম হাসান একজন দলীয় ব্যক্তি, তাকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেয়া যায় না।’

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ নফহবংি২৪.পড়স- কে জানান, ‘বিচারপতি কে এম হাসান বিচারক হিসেবে নিয়োগের পর থেকে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং এখনো নেই। বিরোধী দল শুধু বিরোধিতার জন্যই কে এম হাসানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।’