২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস মালিক ও শ্রমিকদের প্রতারণার কাছে ম্লান হয়ে যাচ্ছে ঈদের আনন্দ

ঈদ উপলক্ষে বিআরটিসির ৪৫২টি অতিরিক্ত বাসের পাশাপাশি কমপক্ষে ৮০০টি বেসরকারি বাস রাস্তায় নামানো হলেও শেকড়ের সন্ধানে ঘরমুখো মানুষের সমস্যার লাঘব হয়নি এতটুকু। বাস মালিক ও শ্রমিকরা অভিনব কৌশলে কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে টিকিট ছেড়ে দেওয়ায় মাত্রাতিরিক্ত মূল্যে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ফলে শেষ মুহূর্তে ঈদের আনন্দ অনেকখানিই ম্লান হয়ে যাচ্ছে সাধারণ ছাপোষা মানুষের। রোববার রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে গিয়ে জানা গেছে হয়রানির শিকার হাজারো মানুষের ভোগান্তির নানা কাহিনী।

কৃত্রিম টিকিট সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া আদায় ও বাস মালিক--শ্রমিকদের নানামুখি প্রতারণা বন্ধে সরকারি বেসরকারি নানা আড়ম্বর কোন কাজেই আসছে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যবসায়িক স্বার্থের কারণে পরিবহন মালিক--শ্রমিকরা নীতিমালা ও নিষেধাজ্ঞার কোন তোয়াক্কা করছে না।

গাবতলি, সায়েদাবাদ ও মহাখালি আন্তঃজেলা বাস--টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে টিকিটের অভাবে নারী--পুরুষ ও শিশুসহ হাজার হাজার মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে খোলা আকাশের নিচে। একই সময়ে আবার শত শত মানুষকে দেখা গেছে দালালদের সাহায্যে অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে।

অপরদিকে উল্লিখিত টার্মিনালের অধিকাংশ বাস কাউন্টারই বন্ধ দেখা গেছে। কাউন্টারের লোকজন ও দালালরা কাউন্টারের বাইরে ঘোরাফিরা করছে টিকিট নিয়ে। চড়া দাম দিয়েই কেবল মিলবে তাদের এই টিকিট। কাউন্টারের বাইরে দাঁড়িয়েও টিকিট বিক্রি করছিল অনেকে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ কমপক্ষে ৮০০টি বাস রাস্তায় নামিয়েছে। বিআরটিসি বিশেষ আয়োজনে নামিয়েছে ১২৮ টি রুটে মোট ৪৫২ টি অতিরিক্ত বাস।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা রায়হান আহমেদ গাবতলি টার্মিনালে আলাপকালে নিজের ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে নফহবংি২৪.পড়স -কে বলেন, ‘এই দেশে আইন--কানুনের কোন বালাই নেই। বাড়তি ভাড়া আদায়, টিকিটের উচ্চমূল্য, কৃত্রিম টিকিট সংকট ও যাত্রী হয়রানির প্রতিবাদ করলে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। উল্টো প্রতিবাদকারীকে নাজেহাল হতে হয়।”

রায়হান জানান, বাস মালিক--শ্রমিকরা কাউন্টার বন্ধ রেখে প্রথমে কৃত্রিম টিকিট সংকট তৈরি করে। আবার তাদের লোকজন ও ভ্রাম্যমান দালালরা মিলে কালোবাজারে টিকিট বিক্রি করছে চড়া দামে। এর প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রথমে তিরস্কার করা হয় এবং পরে ঘাড় ধাক্কাও খেতে হয় বলে উল্লেখ করেন তিনি।

সায়েদাবাদ টার্মিনালে আলাপকালে আরেক যাত্রী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মিনহাজুল ইসলাম জানান, ‘দুই ঘন্টা চেষ্টা করেও ন্যায্য দামে টিকিট কিনতে না পেরে অবশেষে দালালদের সাহায্যে আমাকে টিকিট সংগ্রহ করতে হয়েছে।’

সরকারি দলের সাংসদ এবং বাংলাদেশ বাস--ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান ও গাবতলি বাস--ট্রাক মালিক সমিতির সভাপতি জিএম সিরাজ এসব অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমরা মালিকদের নীতিমালাসহ নোটিশ দিয়েছি এবং পর্যবেক্ষক দল নিযুক্ত করেছি। কিন্তু আইন ও নীতিমালাবিরোধী তৎপরতা থেকে তাদের নিবৃত্ত করা যাচ্ছে না।’

মালিক সমিতির কোন আদেশ -নির্দেশ কেউ আমলেই নিচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন মালিক কাউন্টার বন্ধ করে দিয়ে কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রির জন্য দালাল নিয়োগ করেছে। তাদের এই প্রতারণার কৌশলের কাছে আইন অসহায় হয়ে পড়েছে’।