২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটির মধ্যে সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান ॥ দুই সদস্যের প্রতিবাদ

ঈদের ছুটির মধ্যে এবং ক্যাম্পাসে কোন ধরনের অস্বাভাবিক বা জরুরি পরিস্থিতির সৃষ্টি না হলেও শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করে। বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিষয়ে এ সভা ডাকা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তবে একে ‘অসাধারণ সিন্ডিকেট সভা’ হিসেবে আখ্যায়িত করে দুই সিন্ডিকেট সদস্য উপাচার্য বরাবর লিখিতভাবে ভিন্নমতপত্র (নোট অব ডিসেন্ট) প্রদান করে সভা থেকে ওয়াক আউট করেন। এরা হলেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সোবহান ও অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম।

শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড এম আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে সিন্ডিকেটের ৪০৬তম সভা হিসেবে বিশেষ এ সভা ডাকা হয়।

উপাচার্য বরাবর লিখিত ওই নোটে বলা হয়.‘ঈদের ছুটি শেষে ক্যাম্পাস খোলার দিনই অর্থাৎ আগামী ১ নভেম্বর সিন্ডিকেটের যে সাধারণ সভা আহ্বান করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সাধারণ প্রার্থী, কনভেনশন ও ট্যাডিশনের মধ্যে পড়ে না। আবার বর্তমানে অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয় এমন কোন অস্বাভাবিক বা জরুরি কোন পরিস্থিতির উদ্ভব হয়নি, যার দরুণ শনিবারের এই অসাধারণ সভা ডাকার প্রয়োজন ছিল। আজকের এই অসাধারণ সিন্ডিকেট সভার আলোচ্যসূচির সকল বিষয়ই নিয়োগ সংক্রান্ত। নিয়োগ সংক্রান্ত কোন বিষয়ের জন্য অসাধারণ সিন্ডিকেট সভা আহ্বান করা কোনভাবেই ন্যায় ও যুক্তিসংগত হতে পারে না।

এক পৃষ্ঠার লিখিত ওই ভিন্নমতপত্রে আরও বলা হয়,‘এই অসাধারণ সিন্ডিকেট সভার আলোচ্যসূচির ১ থেকে ৪ পর্যন্ত সবকিছুই কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়। আবার সিন্ডিকেটের ১১ নম্বর আলোচ্যসূচি হলো অতিরিক্ত রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত।এ বিষয়ে গত ১৬ অক্টোবর মহামান্য সুপ্রীম কোর্টের একজন আইনজীবী উকিল নোটিশ প্রদান করেছেন যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিচারাধীন কোন বিষয়ে সিন্ডিকেট কোন সিদ্ধান্ত গ্রহণ করলে তা আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে।’

ভিন্নমতপত্রে এ ধরনের সিন্ডিকেট সভা আহ্বানের প্রতিবাদ এবং তা বাতিলের দাবি জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫৭৩ জন কর্মচারী নিয়োগের জন্য পর্যায়ক্রমে ১১টি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে বিতর্কিত ও বহুল আলোচিত ৫৪৪ জন কর্মচারীর চাকরি ভিন্নপথে স্থায়ী করার চেষ্টা করা হচ্ছে।

এগুলোর বাধ্যতা চ্যালেঞ্জ করে রাকসুর সাবেক ভিপি ও ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশার পক্ষে হাইকোর্টে সম্প্রতি একটি রিট পিটিশন দায়ের করা হয়। এ রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কার্যকারিতা ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

১৯ অক্টোবর কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রকাশিত ১১টি বিজ্ঞপ্তির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা বাতিল করে দেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল সোবহানসহ প্রগতিশীল শিক্ষক সমাজের অনেক শিক্ষক সাংবাদিকদের জানান, ২২ অক্টোবর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপীল হওয়ার আশংকায় ও কৌশলে ৫৪৪ কর্মচারীর চাকরি স্থায়ী করার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধের মধ্যে রীতি ভেঙ্গে তাড়াহুড়ো করে সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করেছে।

তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই গণনিয়োগ বাতিলের জোর দাবি জানান।

অধ্যাপক ড. আবদুস সোবহানের সাথে যোগাযোগ করা হলে তিনিসহ অপর সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের বিশেষ সিন্ডিকেট সভা থেকে ওয়াক আউট করা ও উপাচার্য বরাবর লিখিতভাবে ভিন্নমতপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবদুস সালামের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি দুই সিন্ডিকেট সদস্যের ওয়াক আউটের সত্যতা স্বীকার করেন।

তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে পারে এবং এ ব্যাপারে কোন বাধা নেই।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং সিন্ডিকেট সভার আলোচ্যসূচির কোন বিষয় জরুরি না হলে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কিনা সে প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি।

সভা শেষে তিনি জানান, সভার সবগুলো প্রস্তাবই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

এ ব্যাপারে মন্তব্য করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ আলতাফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।