২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসমেলা ৪ নভেম্বর শুরু, চোরা হরিন শিকারীরাও প্রস্তুত

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস মেলা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আর এই মেলাকে সামনে রেখে সংঘবদ্ধ চোরা হরিন শিকারীরাও প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ঐতিহ্যবাহী এই মেলায় অংশ নেওয়া তীর্থযাত্রীদের দাবির মুখে বন বিভাগ চলতি বছর রাজস্বের হার হ্রাস করেছে। এর আগে প্রতিবছর মেলায় অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে রাজস্ব আদায় করা হতো। কিন্তু চলতি বছর ৩ দিনের প্যাকেজ হিসেবে জনপ্রতি ৫০ টাকা করে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, শত বছর ধরে বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী এই রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য এই মেলার আয়োজন করা হলেও সময়ের ব্যাবধানে তা বর্তমানে নানা ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এবং বিপুল সংখ্যক বিদেশী পর্যটক এই মেলায় অংশ নিয়ে থাকেন। উৎসবে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীরা বঙ্গোপসাগরের নোনা জলে øানের মাধ্যমে তাদের আরোধ্য দেবতার কাছে মনোবাসনা পূর্ণ করার প্রার্থণা জানান।

এদিকে প্রতিবছরই এই উৎসব চলাকালে সুন্দরবনে চোরা শিকারীদের হরিন শিকারের মহোৎসব চলে বলে অভিযোগ রয়েছে। মেলায় অংশ নেওয়ার নামে একটি বিশেষ শ্রেণী এসময় হরিন নিধনযঞ্জে মেতে উঠে।

সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও মেলায় অংশ নেওয়ার নামে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের একটি সংঘবদ্ধ দল হরিন শিকারের জন্য তৎপর হয়ে উঠেছে। শিকারের জন্য ইতিমধ্যে তারা সুবিধাজনক নৌযান ও আনুষাঙ্গিক সরঞ্জাম সংগ্রহ করা শুরু করেছে। ঈদের পর পরই এই চোরা শিকারীর দল সুন্দরবনের গহীনে প্রবেশ করতে পারে।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক আবু নাসের মহসিন হোসেন জানান, রাস মেলার নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ হরিন শিকার প্রতিরোধ করার উদ্দেশ্যে বন বিভাগ সজাগ রয়েছে।

চলতি বছর হরিন শিকার প্রতিরোধে কঠোর ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি দাবি করেন।