২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক বিবেচনায় উপজেলা বেড়েই চলেছে রোববার আরো দুটি নতুন উপজেলার প্রজ্ঞাপন

একবারের জন্য উপজেলা নির্বাচন না করলেও নতুন উপজেলা গঠনের কাজে পিছিয়ে থাকেনি জোট সরকার। গত পাঁচ বছরে দেশে নতুন উপজেলা হয়েছে ৯টি। ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে রোববার আরো দুটি নতুন উপজেলা গঠনের জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আওয়ামী লীগ সরকার তার ৫ বছর মেয়াদে ৭টি নতুন উপজেলা করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর নিকার এর ৯৪তম বৈঠকে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিভক্ত করে সালতা এবং রাজবাড়ীর পাংশা উপজেলা ভেঙে কালুখালী নামে দুটি নতুন উপজেলা গঠন করার সিদ্ধান্ত হয়। 

যেকোনো উপজেলা গঠনের আনুষ্ঠানিক প্রস্তাবনা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসলেও এর পেছনের পুরো উদ্যোগটি আসে ক্ষমতাসীন দলের সাংসদদের কাছে থেকে। দলীয় সাংসদরা ভোটকে পূঁিজ হিসেবে ব্যবহার করতে রাজনৈতিক বিবেচনায় উপজেলা করার জন্য প্রশাসনের ওপর চাপ দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় কোন এলাকায় কেমন ভোট আছে, কোন পক্ষের ভোট বেশি ইত্যাদি বিবেচনায়  এনে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে উপজেলার সিদ্ধান্ত হয়। অভিযোগও আছে যে, সাংসদরা নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা ও পৌরসভা গঠন করে নিজেদের পক্ষে ভোটবাক্স গড়ে তুলেছেন।

সামরিক শাসক এইচ এম এরশাদের শাসনামলে থানাকে উপজেলায় উন্নীত করে উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এরপর  ১৯৯১ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা লাভের পর উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয়। ওই ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে রিট মামলা হলে তদান্তীতন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উপজেলা ব্যবস্থা কার্যকর করে উপজেলায় নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতায়নের জন্য সরকারকে নির্দেশ দেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি,আওয়ামী লীগ ও বর্তমান চার দলীয় জোট সরকার সুপ্রিমকোর্টের কাছে ২০ দফা সময় নিয়েছে, কিন্তু উপজেলা ব্যবস্থা আজও কার্যকর করা হয়নি।

এরশাদ সরকার ১৯৮৪ সালের শেষের নতুন প্রশাসনিক ইউনিট হিসেবে ৪৬৪টি উপজেলা সৃষ্টি হয়। এরপর গত ২২ বছরে সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮০টিতে। এখানে লক্ষনীয় বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে উপজেলা ব্যবস্থা কার্যকর না করলেও রাজনৈতিক বিবেচনায় উপজেলার সংখ্যা বাড়াতে পিছপা হয়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে  পাঁচ বছরে ৭টি এবং বর্তমান সরকার আমলে উপজেলা হয়েছে ৯টি।

বিএনপির ২০০১ সালের নির্বাচনী ইশতেহারে উপজেলা কার্যকর ও নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার থাকলেও তা পাঁচ বছরেও বাস্তবায়ন করতে পারেনি সরকার। উপজেলা বাস্তবায়ন সংক্রান্ত  মন্ত্রিসভা কমিটি এ ব্যাপারে ৫ দফা বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ওই কমিটির আহবায়ক বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াসহ সব সদস্যরা উপজেলা প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও কমিটির একমাত্র সদস্য যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা উপজেলার বিপক্ষে অবস্থান নেয়। ফলে পূর্নাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেননি।