২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরাঞ্চলের উন্নয়ন দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

‘বঞ্চিত চরাঞ্চলে চাই কাঙ্খিত উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ চরাঞ্চল উন্নয়ন মোর্চার উদ্যোগে চরাঞ্চলের সাতটি ইউনিয়নের লোকজন শুক্রবার বিকেলে শম্ভুগঞ্জ সেতু থেকে কাচারী বাজার পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এলাকার সর্বস্তরের লোকজন এতে যোগ দেন।

আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ডিসি অফিস ঘেরাও ও শহরে বিক্ষোভ মিছিল করা হবে বলে সে সময় ঘোষণা দেয়া হয়।

বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক চর নীলক্ষিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান ফকির, কবি আশরাফ মীর, সিরাজুল ইসলাম, নাজিম ফকির, তোফাজ্জল হোসেন তোতা প্রমুখ।

সমাবেশে নদী ভাঙ্গন রোধে অষ্টধার, বোরোরচর ইউনিয়নে অবিলম্বে স্পার ও গার্ডওয়াল নির্মাণ করাসহ বন্যা কবলিত ইউনিয়নের সমস্যার স্থায়ী সমাধানের জন্য বয়রা, গোবাদিয়া, সিতরা খালসহ বোরোরচর পর্যন্ত প্রত্যেকটি খালে স্লুইস গেট ও ভেড়ি বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। বয়রা বাজার থেকে ভেড়িবাঁধের উপর দিয়ে পাকা সড়ক নির্মাণেরও দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ২১০ মেগাওয়াট পল্লী বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্রটি চরাঞ্চলে থাকলেও তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন থেকে বঞ্চিত হচ্ছেন। চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও দূর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের আবাসন ব্যবস্থাসহ শম্ভুগঞ্জ জি.কে.পি কলেজ সরকারিকরণ ও দুটি কারিগরি মহাবিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা।

সমাবেশে চরাঞ্চলে বন্যা আশ্রয়কেন্দ্র, উন্নত বীজ সংরক্ষণের জন্য বীজ সংরক্ষণাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানানো হয়। চরাঞ্চলে গভীর নলকূপ স্থাপনসহ যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নেরও দাবি জানান বক্তারা।