২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে কর্মচারি নিয়োগের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ প্রক্রিয়ার উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার খারিজ হয়ে গেছে। এর আগে বুধবার এই নিয়োগ কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন চৌধুরী, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি আমিরুল কবির চৌধুরী ও  বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদীনের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে কর্মচারি নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করে দেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় ৪৫০ টি শূণ্যপদের বিপরীতে নিয়োগের জন্য সংবাদপত্রে ১১ টি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াও শুরু করে।

কিন্তু কর্মচারি নিয়োগের এই প্রক্রিয়াকে অবৈধ দাবি করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১১ সেপ্টেম্বর ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দেন। এছাড়া এই নিয়োগকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্যও হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

স্থগিতাদেশের সময় পেরিয়ে যাবার পর রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস বাবুর আবেদনের প্রেক্ষিতে বুধবার বিজ্ঞপ্তিগুলোর কার্যকারিতা আরো তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ও অ্যাড. মোহাম্মদ খোশনবীশ। অপরদিকে আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাড. রুহুল কুদ্দুস বাবু এবং অ্যাড. এম আই ফারুকী।