ঈদের কেনাকাটায় নতুন বাজারগুলোই ক্রেতাদের পছন্দ
আধুনিক শপিংমলগুলোর সাথে ঐতিহ্যবাহী এবং একসময়ের বেশ জনপ্রিয় এসব বাজারে এবারের ঈদের কেনাকাটার তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছেন নফহবংি২৪.পড়স এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক।
সামনের সপ্তাহেই ঈদ। উৎসবের দিনটি যতোই ঘনিয়ে আসছে ততোই ভিড় বাড়ছে বাজারে। তবে লক্ষ্যণীয় হলো এবারের ঈদের কেনাকাটায় অনেক বেশি মানুষ ভিড় জমাচ্ছেন ঢাকার বিভিন্ন স্থানে গড়ে ওঠা বহুতল শপিং মলগুলোতে। এ আধুনিক--অত্যাধুনিক শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা এবার বেশ জমজমাট। সে তুলনায় কেনা--বেচায় পিছিয়ে পড়েছে এক সময়কার প্রভাবশালী, বর্তমানে ‘পুরানো আমলের’ বাজারগুলো।
জনপ্রিয় পুরনো বাজারগুলো হারাতে বসেছে তাদের রমরমা অবস্থা, একসময়ের জৌলুস।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে গত দুই বছরে রাজধানীতে শতাধিক অত্যাধুনিক শপিং মল নির্মিত হয়েছে। এগুলোর অধিকাংশই ঢাকার অভিজাত গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, ধানমণ্ডি এবং পান্থপথ এলাকায় অবস্থিত।
এছাড়া আরও প্রায় ৫০টি শপিং মল নির্মাণের আবেদন করা হয়েছে। বর্তমানে এগুলোর নকশা রাজউকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ঈদের বেচা--কেনায় নিউ মার্কেট, গাউসিয়া, এলিফেন্ট রোড, পলওয়েল মার্কেট, এবং গুলশান এক ও দুই নম্বর মার্কেটের মত পুরানো মার্কেটগুলো এখনও পর্যন্ত বেশ প্রভাব বিস্তার করে থাকলেও ক্রেতাদের একটি অংশ পণ্যের ভিন্নতা, একই দোকানে সব ধরনের পণ্য প্রাপ্তির সুবিধা, দর--দামের ঝামেলা থেকে মুক্তি, নিরাপত্তা এবং কার পার্কিংয়ের মতো বিভিন্ন সুযোগ--সুবিধার কারণে আধুনিক শপিং মলগুলোতেই বেশি ভিড় জমাচ্ছেন।
বসুন্ধরা সিটিতে শপিং করতে আসা গুলশান ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্ট ড. তাহমিদুর রহমান বললেন, ‘একটু বেশি দাম হলেও শপিং সেন্টারগুলোতে কেনাকাটা করতে আমি স্বস্তি বোধ করি। ঝড়--বৃষ্টিতেও নিশ্চিন্তে কেনাকাটা করা যায়, বৃষ্টি হলে নিউমার্কেট বা গাউসিয়ার মতো মহা ঝামেলায় পড়তে হয় না’।
আরেক ক্রেতা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা মেহেরা। কেনাকাটা করতে উত্তরায় সম্প্রতি উদ্বোধন হওয়া শপিং মল নর্থ টাওয়ারে আসা মেহেরা জানালেন, ‘আমি এখানে একাই এসেছি পুরো পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে।’
কেনা--কাটার ক্ষেত্রে কেন নর্থ টাওয়ারকে বেছে নিলেন সে প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘এ ধরনের শপিং মলের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক পণ্যের মধ্য থেকে পছন্দমতো জিনিস কেনা যায়। তাছাড়া, পুরানো ধাঁচের দোকানগুলোর চেয়ে এখানে কেনাকাটা করা অনেক স্বস্তিদায়ক।’
মেঘনা পেট্রোলিয়ামের ডেপুটি ম্যানেজার এহসানুল হক ধানমণ্ডির কনকর্ড আর্কেডিয়ায় শপিং করতে এসেছেন। তিনি জোর দিলেন শপিং সেন্টারগুলোর নিরাপত্তা ব্যবস্থার ওপর। ‘শপিং মলগুলোর উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্যই আমি এখানে বাজার ও কেনাকাটা করে আনন্দ পাই। আর তাছাড়া মলগুলোতে এক দর হওয়ায় দরদাম করার হয়রানি থেকে রেহাই পাওয়া যায়,’ বললেন তিনি।
শহরের বেশিরভাগ শপিং মলেই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জেনারেটরের সুবিধা থাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ক্রেতাদের বিপাকে পড়তে হয় না। ফলে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।
তবে সবচেয়ে বড় যে সুবিধাটি এ মলগুলো দিয়ে থাকে তা হলো গাড়ি পার্কিংয়ের সুবিধা। নিউ মার্কেট, গাউসিয়া বা পলওয়েল মার্কেটের সামনে গাড়ি পার্কিংয়ের সুযোগ থাকলেও যান চলাচল ও ট্রাফিক জ্যামের কারণে ক্রেতাদের পক্ষে গাড়ি পার্ক করা সম্ভব হয়ে ওঠে না।
পুরনোদের মধ্যে অন্যতম গাউসিয়া ও গুলশান ১ মার্কেটের বিক্রেতারা বলছেন, আধুনিক শপিং মলগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ, চলন্ত সিড়ি ও গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকায় সেখানে পণ্যের দাম বেশি। তবে খোলামেলা, বড় জায়গাজুড়ে ঘুরেফিরে কেনাকাটা করতে পছন্দ করেন এমন ক্রেতারা নিউ মার্কেটকেই বেশি পছন্দ করেন। তবে এখানে এখন আর আগের মতো কেনা--বেচা হয় না একথা স্বীকার করলেন ব্যবসায়ীরা।
নিউ মার্কেটের এভার বিউটি শপের বিক্রেতা জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের এখানে ক্রেতারা পণ্যের দাম যাচাই করতে আসেন। আসেন, দাম জিজ্ঞেস করেন, চলে যান। আসলে নজরকাড়া শপিং সেন্টার এবং ফ্যাশন হাউজগুলোর আকর্ষণীয় পণ্য ক্রেতাদের শপিংমলগুলোতে টেনে নিয়ে যায়।’
৫৩ বছরের পুরানো নিউ মার্কেটের বেনারসি এম্পোরিয়ামের বিক্রেতা তারিকুল ইসলাম বলেন, ‘কয়েক বছর আগেও ঈদের আগে আমরা অন্তত ১২ লাখ টাকার মালামাল বিক্রি করতাম। আর এ বছর এখন পর্যন্ত ৬ লাখ টাকার মালামালও বিক্রি করতে পারিনি।’
