লিখিত অনুমতি ছাড়াই ভবঘুরে কেন্দ্রে থাকছে র্যাব
কোনো লিখিত অনুমতি ছাড়াই বরিশাল দুঃস্থ ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) --৮ এর সদস্যরা অবস্থান করছে ।
বরিশাল জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের একটি সূত্র বিডিনিউজকে জানান, বরিশাল শহরের রূপাতলী এলাকায় ১৯৯৪ সালের জুলাইতে পুনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হয়ে ২০০১ সালের জুন মাসে ভবন নির্মাণসহ অবকাঠামোগত কাজ শেষ হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও নিয়োগ দেওয়া হয়।
কিন্তু প্রকল্পের মেয়াদ না বাড়ায় ২০০৩ সালে কাজ বন্ধ হয়ে যায়। এরপর ২০০৫ সালের আগস্ট মাসে মৌখিক অনুমতি নিয়ে র্যাব-৮ তাদের কার্যালয় হিসেবে পুনর্বাসন কেন্দ্রটি ব্যবহার করা শুরু করে। তবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ পুনর্বাসন কেন্দ্রের প্রকল্পের মেয়াদ তিন বছর আগেই শেষ হয়ে গেলেও গত ১৪ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভবনটি উদ্বোধন করেন।
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বিডিনিউজকে জানান, চলতি মাসে প্রজেক্টের মেয়াদ বাড়ানো হবে--সমাজকল্যাণমন্ত্রীর এমন আশ্বাসের কারনেই মেয়াদোত্তীর্ণ প্রজেক্টের ভবন উদ্বোধন করা হয়েছে।
দুঃস্থ ভবঘু–রে পুনর্বাসন কেন্দ্রে র্যাব সদস্যদের বসবাসের ব্যাপারে আতাউর রহমান বলেন, মৌখিক অনুমতি নিয়েই তারা ভবনগুলো ব্যবহার করছেন। তিনি আরও বলেন, র্যাব--৮ এর পরিচালক লেঃ কর্ণেল এরশাদ তাকে আশ্বাস দিযেছেন যে পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম শুরু হলেই তারা ভবনটি ছেড়ে দেবেন।
এ ব্যাপারে র্যাব--৮ কার্যালয়ে ক্যাপ্টেন রিয়াজের সাথে যোগাযোগ করা হলে বিষয়টিকে 'গোপনীয়’ আখ্যায়িত করে এ ব্যাপারে কোন প্রকার তথ্য দিতে অস্বীকৃতি জানান।
