২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এরশাদের ইফতারে সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রামে জাতীয় পার্টির (এরশাদ) ইফতার মাহফিলে রোববার দু পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের উপস্থিতিতে এই সংঘর্ষ হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 10:45 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুশেদ মুরাদ ইব্রাহিমের সমর্থকরা ইফতার মাহফিলে ঢুকতে চাইলে জাতীয় পার্টির নেতা সোলায়মান শেঠের সমর্থরা তাদের বাধা দেয়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, দু পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা পাঁচটি যানবাহনও ভাংচুর করে।

ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে।

ইফতার মাহফিল এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এরশাদ বলেন, বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিক বা বর্জনÑ যাই করুক না কেন, তার দল নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নৈরাজ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট দূর করতে জোট সরকারের চরম ব্যর্থতার প্রেক্ষাপটে  জনগণ জাতীয় পার্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

নির্বাচনে তার দলের অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, কারণ এটাই আমাদের শেষ সুযোগ।’