২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী অপহরণ মামলার রায়ে পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হচ্ছে হযরত আলী, ইস্রাফিল, শামু, নুরু ও পরজ। উক্ত সাজার পাশাপাশি যাবজ্জীবন প্রাপ্ত আসামীদের মধ্যে হযরত আলীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড এবং বাকী চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদান্ডের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া নজরুল, সাইদুল ও বিল্লালকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড সেই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও এক বছর সশ্রম কারাদন্ডের সাজা প্রদান করা হয়েছে। মামলার বাকী ছয় আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই এলাকার যুবক হযরত আলী বিবাহের প্রস্তাব দেয়।

কিন্তু মেয়েটির বাবা এতে অসম্মতি জানালে ২০০১ সালের ৯ অক্টোবর আসামীরা স্কুলে যাওয়ার পথে শহরের বত্রিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ১৩ অক্টোবর মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

ঘটনার ১৫ দিন পর ২৪ অক্টোবর কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে মেয়েটিকে উদ্ধার করাসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে সাজাপ্রাপ্ত পরজ পলাতক রয়েছে এবং বাকী আসামীরা জেল হাজতে রয়েছে।

বাদী পক্ষে এ পি পি এ. মো. শফিউজ্জামান এবং আসামী পক্ষে এড. এম এ আফজাল মামলাটি পরিচালনা করেন।