ইবির কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকে সহকারী রেজিস্ট্রারের হুমকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকে শারিরীকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়েছেন সহকারী রেজিস্ট্রার।
দাবি মানতে রাজি না হওয়ায় তাদেরকে বৃহস্পতিবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল করীম।
ড. করীম জানান, বৃহস্পতিবার সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মানজারে আলম (মীরু) এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার আলাউদ্দিনকে সাথে নিয়ে তার কার্যালয়ে আসেন। এ সময় মীরু তাকে সম্প্রতি নিয়োগ পাওয়া শাখা কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা এবং নিজের পদোন্নতির ব্যাপারে চাপ দেন।
এ ব্যাপারে ড. করীম উপাচার্যের সাথে কথা বলবেন বলে জানালে মীরু উপাচার্যকে অকথ্য ভাষায় গালি--গালাজ করেন এবং শনিবারের মধ্যে তাকে ও রেজিস্ট্রারকে শারিরীকভাবে লাঞ্ছিত করবেন বলে হুমকি দেন। এ সময় মীরু তাদের দুজনকে শনিবার ক্যাম্পাসে আসতে বাধা দেওয়ারও হুমকি দেন বলে ড. করীম অভিযোগ করেন।
এ ব্যাপারে রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, ‘বারবার উপাচার্যের কাছে তার (মীরু) বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ করা হয়েছে। তবে মীরু দলীয় লোক হওয়ায় তার বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।’
এদিকে অভিযুক্ত মীরু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোষাধ্যক্ষ আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ করেছেন। আমি তার কাছে সমিতির কিছু দাবি--দাওয়ার কথা জানিয়েছি।’
মীরুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. আলীনূর রহমান।
