২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক স্বপন গোস্বামী হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন

ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষক স্বপন গোস্বামী হত্যা সংক্রান্ত দুটি মামলার একটিতে দুজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল---১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, ভাড়াটে খুনী জালাল আহমেদ জিল্লু ও মাকসুদুর রহমান বিপ্লব।

আসামি পরশকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আলোচিত এ মামলার আসামি রাজসাক্ষী রিফাত আকন্দকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে এ আদালতে একই ঘটনায় কিশোর অপরাধ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে অন্তরীণ থাকতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

স্বপন কুমার গোস্বামী হত্যার সাথে জড়িত অপর পাঁচ আসামি ও হত্যার নির্দেশদাতা যাদের মধ্যে দুজন ল্যাবরেটরী স্কুলের ছাত্র তাদের বিরুদ্ধে দাখিল করা কিশোর অপরাধের মামলা স্থগিত রয়েছে।

রায়ে জানা যায়, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুলের শিক্ষক স্বপন কুমার গোস্বামী ওই স্কুলের ছাত্র সহকারি সচিবের ছেলে তানভীর শরীফ আপনকে পরীক্ষায় বহিস্কার করায় ও অপর ছাত্র সিনিয়র সহাকারি সচিব তৎকালীন শিক্ষামন্ত্রীর এপিএস মশিউর রহমানের ছেলে সাব্বির রহমান শান্তনুকে উপরের ক্লাসে প্রমোশন না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তাদের বখাটে বন্ধুদের মাধ্যমে পেশাদার খুনী জিল্লু ও তার সহযোগী বিপ্লব, আরমান, শুভ, রিফাত, পরশ ও জনিকে স্বপন গোস্বামীকে হত্যার জন্য ভাড়া করে।

শান্তনু তার বাবার লাইসেন্স করা পিস্তল ও এক লাখ টাকা দেয় ভাড়া করা খুনীদের। 

সেই অনুযায়ী ২০০২ সালের ২৬ অক্টোবর ভূতের গলির শিকদার স্টোরের সামনে সকাল সোয়া ৯টায় জিল্লু ও বিপ্লব শিক্ষক স্বপন গোস্বামীকে উপর্যুপরি গুলি করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মূল মামলার তদন্ত শেষে দুটি চার্জশিট দাখিল করা হয়। একটি নাবালক আসামিদের বিরুদ্ধে ,অপরটি প্রাপ্ত বয়স্কদের বিরুদ্ধে।

গোস্বামী হত্যার ঘটনায় আসামি শান্তনু ও জিল্লুরসহ চারজন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শান্তনু জবানবন্দিতে বলে যে, সে স্যারকে (স্বপন গোস্বামী) নিজে তিনটি এবং জিল্লু একটি গুলি করেছে।

রায় ঘোষণার সময় নিহত স্বপন গোস্বামীর স্ত্রী শিমলা, মামা শ্বশুর হীরালাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা বলেন, ‘আমরা রায়ে খুশী নই। হত্যার নির্দেশদাতার আসামীদের এখনো কিছু হয়নি।

রায় প্রদানকালে আসামীদের কেন্দ্রীয় কারাগার থেকে হাজির করা হয়।