২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ক্লাশ - পরীক্ষা বর্জনের ঘোষণা

বিসিএস (মৎস্য) ক্যাডারে ১৯৮১ সালের নিয়োগবিধি বহাল ও পৃথক সামুদ্রিক মৎস্য অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার সকালে অনুষদীয় গ্যালারিতে এক জরুরী সভায় শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে।

শিক্ষার্থীরা জানায়, ১৯৮১ সালের নিয়োগবিধি অনুযায়ী বিসিএস (মৎস্য) ক্যাডারে কেবল মাত্র চার বছর মেয়াদী বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রীধারীদেরকেই সরাসরি থানা মৎস্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দানের বিধান রয়েছে।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) দ্বিতীয় শ্রেণীর ৪ জন ও তৃতীয় শ্রেণীর ১৮৫ জনসহ মোট ১৮৯ জন থানা মৎস্য কর্মচারীকে প্রথম শ্রেণীর থানা মৎস্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি দানের এক সুপারিশ করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এটা ’৮১ সালের নিয়োগবিধির সুস্পষ্ট লংঘন। এই সুপারিশ বাস্তবায়িত হলে দেশে কয়েক শ’ ফিশারিজ গ্রাজুয়েট বেকার হয়ে যাবে।

অন্যদিকে দেশে বিদ্যমান মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক শাখাকে আরও শক্তিশালী করেই দেশের সামগ্রিক সামুদ্রিক সম্পদের যথাযথ আহরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব বলে তারা মন্তব্য করেন।

তাই চট্টগ্রামে একটি পৃথক সামুদ্রিক মৎস্য অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের গঠিত কমিটি বাতিলের দাবী জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে একটি পৃথক সামুদ্রিক মৎস্য অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য তড়িঘড়ি যে কমিটি গঠন করছেন তাতে যেসব বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদী বিএসসি ফিশারিজ ডিগ্রী দেয় (বাকৃবি, ঢাকা, খুলনা ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়) সেখান থেকে ওই কমিটিতে কোন প্রতিনিধি রাখা হয়নি।

সেখানে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়োগ দানের নীতিমালা তৈরির ষড়যন্ত্র চলছে। যার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৎস্য গ্রাজুয়েটরা বৈষম্যের শিকার হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসাইন মিঞা বলেন, আমাদের পক্ষ থেকে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. বজলুর রশীদ বলেন, শিক্ষার্থীদের ক্লাশ পরীক্ষা বর্জনের বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। অনুষদের অন্যান্য শিক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, তিন-চার দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হবে।