২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত, গ্রেপ্তার ১, আপডেট

নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি ও গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তাহেরউদ্দিন তাহু মিয়া (৪৫) বাজিতপুরের হিলচিয়া বাজারে মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় রাসেল (২০) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১২টার দিকে তাহু মিয়া হিলচিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসী কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিযে আসতে সাহস পায়নি।

স্থানীয়রা জানান, নিকলী - বাজিতপুর আসনের সাংসদ মজিবুর রহমান মঞ্জুর বিরোধী পক্ষে অবস্থান ছিল নিহত তাহুর। গত ২০ সেপ্টেম্বর স্থানীয় হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদের সভার জন্য নির্মিত মঞ্চ ভাংচুর ও জনসভা পন্ড করার ঘটনায় তাহুর সঙ্গে বিরোধ চরমে পৌঁছে। মঞ্চ ভাংচুরের ঘটনায় দায়ের করার মামলায় তাহু আসামী ছিলেন। 

বাজিতপুর সার্কেলের এএসপি ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন জানান, রাজনৈতিক বিরোধের কারণে তাহু খুন হয়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছিল।