ঝালকাঠীতে অর্থ আত্মসাতের দায়ে সমাজসেবা কর্মকর্তার কারাদণ্ড
ভূয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ঝালকাঠীর রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড এবং ২ লাখ ১৯ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এটিএম মুসা বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হচ্ছেন রাজাপুর উপজেলার সাবেক কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী জহিরুল হক।
মামলার বিবরণে জানা যায়, সমাজসেবা কর্মকর্তা হিসেবে রাজাপুর উপজেলায় দায়িত্ব পালনের সময় ভূয়া প্রকল্পের মাধ্যমে ১৯৯৫ সালের ২ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে কয়েক দফায় ২৩ লাখের বেশি টাকা আত্মসাৎ করেন। আত্মসাতের এ ঘটনায় ২০০০ সালের ১৬ মার্চ ঝালকাঠীর দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক বজলুর রশিদ বাদি হয়ে জেলা জজ আদালতে মামলা করেন।
বরিশাল বিভাগীয় স্পেশাল আদালত সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। ২০০০ সালের ১৬ মার্চ মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
