মঙ্গলবার দিনাজপুর শিক্ষাবোর্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নতুন শিক্ষাবোর্ড দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা এই শিক্ষাবোর্ডের অধিভুক্ত হবে।
১৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে শহরের পুলহাট সরকারি স্টাফ কোয়ার্টারের পরিত্যক্ত একটি ভবন সংষ্কার করে সেখানে শিক্ষাবোর্ডের কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বর্তমান চেয়ারম্যান।
এছাড়া প্রধানমন্ত্রী দিনাজপুর সফরকালে ২১৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প উদ্বোধন করবেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫০০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন কালেক্টরেট ভবন, দিনাজপুর রেল স্টেশনের সম্প্রসারিত ভবন, জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি।
