২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকিয়ার বিদায়ে ওয়ারিদের বাজারে আসা পিছিয়ে গেল

২০০৭ সালের আগে ওয়ারিদ টেলিকম বাংলাদেশে তাদের মোবাইল টেলিফোনের কার্যক্রম শুরু করতে পারছে না। লেনদেন নিয়ে বিরোধে প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান নকিয়ার সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়াই ওয়ারিদের এ বিলম্বের প্রধান কারণ। ওয়ারিদ এর আরেক সরবরাহকারী এরিকসনই এখন নকিয়াকে দেওয়া কাজগুলো করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নকিয়া নেটওয়ার্ক ডিভিশন্স, বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার শফিউল আজম অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ওয়ারিদের প্রধান নির্বাহী মুনীর ফারুকী বিডিনিউজকে বলেছেন, নকিয়ার সঙ্গে আমাদের অনির্ধারিত কিছু বিষয় রয়েছে, তবে এ পর্যায়ে আমরা এখনই বিস্তারিত বলতে পারছি না। এরিকসন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক অরুণ বানসাল বলেছেন, আগামি সপ্তাহের কোনো এক সময়ে ওয়ারিদ এর দায়িত্বপ্রাপ্তি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। 

২০০৬ সালের ডিসেম্বরের আগেই দেশের ষষ্ঠ মোবাইল টেলিফোন কোম্পানি হিসেবে ওয়ারিদের বাজারে আসার কথা। চলতি বছরের ১৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে মুনীর ফারুকী নির্ধারিত সময়ের দুই মাস আগে অক্টোবরের মধ্যেই বাজারে আসার ঘোষণা দিয়েছিলেন।

নকিয়ার সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ার কারণেই ওয়ারিদ এর বাজারে আসা আট মাস পিছিয়ে গেল। ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা খুব শিগগিরই বাজারে আসছেন বললেও সুনির্দিষ্ট কোনো তারিখ নফহবংি২৪.পড়স কে জানাতে পারেননি।

বিশ্লেষকদের ধারণা এ দেরির ফলে মোবাইল বাজারে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে ওয়ারিদ একটি বড় ধরনের ধাক্কা খেলো। কারণ এর ফলে ওয়ারিদ দুটি ঈদ উৎসবের আগে বাজারে আসার সুযোগ হারালো। ঈদের আগে বাজারে আসতে পারলে গ্রাহক সংগ্রহে প্রতিষ্ঠানটি এগিয়ে থাকতে পারতো । 

নামপ্রকাশে অনিচ্ছুক একজন বিশ্লেষক জানালেন, দেরির ফলে ওয়ারিদ নির্বাচনী প্রচারণার আগে বিশাল বাজারও হারালো। পাশাপাশি বিদায়ী প্রধানমন্ত্রী হারালেন আবুধাবী ভিত্তিক ওয়ারিদ টেলিকমের বাংলাদেশে উদ্বোধনের কৃতিত্ব নিজের নামে করে নেওয়ার সুযোগ।

আবুধাবী ভিত্তিক ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী সংযুক্ত আরব আমীরাতের শিক্ষামন্ত্রী নাহিয়ান মুবারক আল নাহিয়ান ২০০৫ সালের ডিসেম্বরে এদেশে কার্যক্রম পরিচালনার জন্য ৫ কোটি মার্কিন ডলার লাইসেন্স ফি দিয়েছিলেন। ষষ্ঠ মোবাইল কোম্পানির দেওয়া এ লাইসেন্স ফি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।  

২০০৬ সালের ফেব্র“য়ারিতে ওয়ারিদ সারাদেশে জিএসএম মোবাইল নেটওয়ার্কের বিস্তারে এরিকসন, নকিয়া ও মটরোলার সঙ্গে চুক্তি করে। পুরো দেশে সম্প্রচারের যোগসূত্র তৈরিতে নিয়োজিত ছিল এরিকসন। আর ঢাকায় ৬০০ বেজ স্টেশন গড়ে তুলতে নকিয়ার সঙ্গে ৭ কোটি ডলারের এবং মটরোলার সঙ্গে ৫ কোটি ৮ লাখ ডলারের চুক্তি করে ওয়ারিদ।

স্থানীয় সরবরাহকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত নকিয়া ৩০০ এর বেশি জায়গা নির্বাচন করে ১৫০টি বেজ স্টেশন ওয়ারিদের হাতে তুলে দিয়েছে।

চলতি বছরের ১৯ জুন নকিয়ার নেটওয়ার্ক বিভাগ এবং সিমেন্স এর ‘টেলিকমস আর্ম’ এর এর একীভূত হওয়ার কথা ঘোষণা করে। ২০০৭ সালের প্রথম দিনটি থেকেই একক সত্ত্বা হিসেবে এ দুই বৃহৎ কোম্পানি আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ফিনল্যাণ্ডের এ কোম্পানিটি নতুন পরিচয়ের আগেই ওয়ারিদের সঙ্গে সব ঝামেলা চুকিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তা আর হয়ে উঠেনি।

এরিকসন বাংলাদেশ এর অরুণ বানসাল নফহবংি২৪.পড়স জানালেন, আমরা আমাদের নিজস্ব সম্পদ দিয়েই এ প্রকল্পের কাজ শেষ করবো। নকিয়ার বসানো ১৫০টি বেজ স্টেশন সম্পর্কে তিনি বলেন, এটা পুরোপুরি ওয়ারিদ আর নকিয়ার নিজস্ব বিষয়।