সংলাপ বানচাল করতে চায় সরকার: হাসিনা
নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে ক্ষমতাসীন বিএনপি সংলাপ বানচাল করার ছুতো খুঁজছে। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার একথা বলেছেন।
ধানমণ্ডিতে দলের কার্যালয়ে ঢাকা মহানগর ও থানার বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে হাসিনা আরো বলেন, দেশের অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বলে তিনি নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। আর তাছাড়া সাম্প্রতিক জরিপেও দেখা গেছে দলটি একক নির্বাচন করলেও ১৮০ এর বেশি আসন পাবে।
আওয়ামী রীগ নিজ দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সরকার সংলাপের মাধ্যমে কোন সংস্কার করবে না এবং কোনভাবেই তারা অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হতে দেবেনা।’ সংলাপে আওয়ামী লীগ এবং ১৪ দল সুষ্ঠু নির্বাচনের জন্য কোন প্রশ্নেই ছাড় দেবেনা বলে আবারো জানালেন শেখ হাসিনা।
সুষ্ঠু নির্বাচন হলে আগামি নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিষয়ে নিশ্চয়তা দিয়ে হাসিনা বলেন, ৬০/৭০ শতাংশ এমনকি কিছু ক্ষেত্রে ৯০ শতাংশ জনগণ চায় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসুক। শেখ হাসিনা প্রতিশ্র“তি দেন, তার দল ক্ষমতায় আসলে তিনি সিণ্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে দেবেন না।
এর আগে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জলিল বলেন, ‘সম্পূর্ণ র্নিদলীয় একজন ব্যক্তিকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে হবে যার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
