২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজের রেলিং ভেঙে তুরাগ নদীতে ডুবে গেছে গার্মেন্টস শ্রমিকবাহী বাস (আরও তথ্যসহ)

রাজধানীর আমিনবাজারের কাছে সালেহপুরে শুক্রবার দুপুরে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস ব্রিজের রেলিং ভেঙে খরস্রোতা তুরাগ নদীতে পড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বাসে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে একেক ধরনের তথ্য পাওয়া গেছে। সাভার থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ নাসিম বিডিনিউজ২৪ডটকমকে জানান, বাসটিতে ১৫/১৬ জন যাত্রী ছিল। তবে দুর্ঘটনা কবলিত অরুণিমা স্পোর্টস নিটওয়্যারের কাটিং ম্যানেজার আমজাদ হোসেন বিডিনিউজ২৪ডটকমকে জানান, দুপুর একটার দিকে প্রতিষ্ঠানের সেলাই বিভাগের প্রায় ৫০ জন কর্মী নিয়ে বাসটি (ঢাকা মেট্রো--খ--১৮৬৫) সাভারের জিরাবো থেকে মিরপুর--১৪ এর উদ্দেশ্যে রওয়ানা হয়। শ্রমিকরা সবাই মিরপুরের অধিবাসী।

আমজাদ অভিযোগ করেন যে দূর্ঘটনার পর ৪০ জনেরও বেশি শ্রমিক নিখোঁজ রয়েছে।

অপরদিকে জীবিত উদ্ধারকৃত কয়েকজন শ্রমিককে উদ্ধৃত করে সাভার থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসের সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছে।

এসআই মোহাম্মদ নাসিম বিকেল সাড়ে পাঁচটায় জানান, দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে বা নদী থেকে তারা কোন লাশ উদ্ধার করেননি।

উদ্ধারপ্রাপ্ত এক শ্রমিককে উদ্ধৃত করে তিনি বলেন, “আমাদের ধারণা দুর্ঘটনা কবলিত বাসের সবাই সাঁতরে উঠতে পেরেছেন। ফলে আমরা কোন মৃত্যুর আশঙ্কা করছি না”।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা জানান, দুপুর পৌনে দুইটার দিকে অরুণিমা স্পোর্টস নিটওয়্যারের শ্রমিকবাহী দ্রুতগামী বাসটির চালক সালেহপুর ব্রিজ অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এর রেলিং ভেঙে ৪০ ফুট নিচে নদীতে পড়ে যায়।

এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় অধিবাসীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধারের চেষ্টা চালালেও প্রচণ্ড স্রোতের কারণে বাসটি মুহূর্তেই তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবক দেলোয়ার হোসেন দিলু নদীতে নেমে পাঁচজন নারী শ্রমিকসহ সাতজনকে জীবন্ত উদ্ধার করেছেন। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার ব্রিগেডের ডুবুরী আলাউদ্দিন জানান, বাসটি এমনভাবে দুমড়ে--মুচড়ে গেছে যে এর ভেতরে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে।

ফায়ার ব্রিগেডের উপ--সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নদীতে প্রচুর স্রোত রয়েছে। ফলে কেউ নিহত হলে লাশ ভেসে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বাসটি উদ্ধারে ঢাকা থেকে ক্রেন পাঠানো হয়েছে। রাত ৮:৪৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।