২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এসিড নিক্ষেপের ঘটনায় ১ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জের বহুল আলোচিত কলেজ ছাত্রী লাভলীর উপর এসিড নিক্ষেপের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সিলেট বিভাগীয় এসিড ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ আবদুল গফুর বুধবার চাঞ্চল্যকর এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত যুবকের নাম এনামুল আজম বিপ্ল¬ব (২৩)।

গ্রামের বখাটেদের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এসিড হামলার শিকার হয় কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী  লাভলী বেগম (১৮)।

দন্ডপ্রাপ্ত বিপ্লব কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও গ্রামের আজম আলীর পুত্র। আদালত আসামি বিপ্লবকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করেছে। এছাড়া এসিডদগ্ধ লাভলীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলার অপর দুই আসামি আবদুল করিম ও জীবন মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

তবে এসিডদগ্ধ লাভলীর পরিবার এ রায়ে সন্তুষ্ট নয়। মামলার বাদী লাভলীর চাচা প্রভাষক মোর্শেদ আলম উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।