২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘুদের মধ্যে আতংক

জেলার শ্যামনগর উপজেলার মধ্যম খলিসাবুনিয়া গ্রামে পূজা মন্ডপে হামলার সময় জনতার হাতে আটক জামাত ক্যাডার নাজিমকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়ায় গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা প্রতিনিতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে খলিসাবুনিয়া কালিবাড়ী পুজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক তুষারকান্তি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১লা অক্টোবর রাত ৯টার দিকে জামাত সমর্থিত সন্ত্রাসীরা মধ্যম খলিসাবুনিয়া পুজামন্ডপে হামলা চালায়। তারা মন্ডপে কর্তব্যরত গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মারধর করার সময় লোকজন একই গ্রামের আ. মজিদের ছেলে নাজিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি অভিযোগ করেন, পূজামন্ডপে হামলার ঘটনায় শ্যামনগর থানায় দাখিল করা এজাহারটি পুলিশ গ্রহণ করেনি। উপরন্তু হামলাকারীকে সন্দেহভাজন হিসাবে আটক দেখানো হয়েছে।

তিনি জানান, গ্রামের সংখ্যালঘুদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে জামাত ক্যাডাররা সংখ্যালঘুদের চিংড়ী ঘের লুট করারও হুমকি দিয়েছে।