দেশের বিভিন্ন স্থানে ৭ টি লাশ উদ্ধার, সমন্বিত
গাজীপুরে দুই গার্মেন্টস শ্রমিক এবং দিনাজপুরে ট্রেনে কাটা তিন যুবকের লাশসহ বুধবার পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে সাতটি লাশ উদ্ধার করেছে।
এসকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, পৌরসভার ফাওকাল এলাকার একটি মৎস্য খামার থেকে বুধবার বিকেলে জয়দেবপুর থানা পুলিশ হেলাল (২০) ও আল--আমিন (১৮) নামে দুই গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে। তারা দুজনই সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো।
পুলিশ জানায়, হেলাল ও আল--আমিন গাজীপুর সদরের নলজানির নিলো নিটিংয়ের সুইং বিভাগে কাজ করতো। প্রেমের কারণে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আল--আমিন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার দেওখোলা গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং হেলাল একই জেলার মুক্তাগাছা উপজেলার আব্দুল মতিনের ছেলে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার পার্বতীপুর রেল স্টেশনের ৮ কিলোমিটার দক্ষিণ থেকে মঙ্গলবার ভোর রাতে জিআরপি পুলিশ একসাথে তিন যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন পার্বতীপুর পৌরসভার কুলিপাড়া মহল্লার ছাব্বির আলীর ছেলে কুরবান আলী (২০) ও তার পালিত ছেলে রুবেল (২২) এবং উর্দিপাড়া মহল্লার আনছার আলীর ছেলে আলীম (২২)।
এদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই তাদের লাশ রেললাইনের উপর ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
জিআরপি থানা পুলিশ নিহতদের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, সদর উপজেলার কিত্তিপুর হাট থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুদল জলিল (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাড়ি নওগাঁ সদর উপজেলার কোচগাড়ি গ্রামে।
