বেতন-ভাতার দাবিতে বন্দরনগরী চট্টগ্রাম চার ঘন্টা অবরূদ্ধ
শিল্পকারখানার ২০ হাজারেরও বেশি শ্রমিক বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে চারঘন্টা ধরে সারাদেশ থেকে বন্দরনগরী চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রাখে।
দুপুর দুইটা পর্যন্ত অবরূদ্ধ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এই অবরোধ কর্মসূচী চলাকালে শতাধিক যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়ে।
‘সর্বদলীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে বকেয়া বেতনভাতা পরিশোধ এবং সীতাকুন্ড ও ফৌজদারহাট শিল্প এলাকার কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিক নেতা-কর্মীরা সকাল সাড়ে দশটা থেকে অবরোধ করে রাখে। প্রধান বিরোধী ১৪ দল শ্রমিক কর্মচারীদের চার ঘন্টার এই অবরোধ কর্মসূচীকে সমর্থন জানায়।
একজন টিকিট বিক্রেতা বলেন, ‘আমরা বিকাল তিনটা পর্যন্ত চট্টগ্রাম-ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ রেখেছি।’
চট্টগ্রাম সিটি মেয়র শ্রমিক কর্মচারীদের অবরোধ স্থান অলংকার সিনেমা হলের সামনে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ বোনাস ১৫ অক্টোবরের মধ্যে পরিশোধ করার দাবি জানান।
তিনি বলেন, অন্যথায় আমরা হরতালের মতো বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো।
শ্রমিকরা দাবি করেন, সীতাকুন্ড, ফৌজদারহাট, বড়কুন্ড এবং কুলাঘাট শিল্প এলাকার ১২টি পাট ও বস্ত্র কল শ্রমিকদের কাছে প্রায় ১২০ কোটি টাকা টাকা বকেয়া আছে।
