উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার সরবরাহ বন্ধ, কৃষকরা দিশেহারা
শ্রমিক ধর্মঘটের কারণে জামালপুরের যমুনা সার কারখানা থেকে ডিলাররা গত পাঁচদিন ধরে সার উত্তোলন করতে পারছে না।
ফলে পাবনাসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় চরম সার সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় ভরা আমন মৌসুমে এ অঞ্চলের কৃষকরা দ্বিগুণ দাম দিয়েও সার না পাওয়ায় আমনসহ অন্যান্য ফলনে ভয়াবহ বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানায় শ্রমিক হ্যান্ডলিংয়ের ঠিকাদার নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে শ্রমিকরা বৃহস্পতিবার থেকে সার নামানো উঠানোর কাজ বন্ধ রেখেছে। ফলে টাকা - পয়সা জমা দেওয়ার পরও ডিলাররা সার উত্তোলন করতে পারছেন না। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার ১০৫ জনসহ উত্তরাঞ্চলের দেড় সহস্রাধিক ডিলার গত পাঁচদিন ধরে সার উত্তোলন করতে পারছে না।
এদিকে এই সুযোগে এক শ্রেণীর কালোবাজারী সার ব্যবসায়ীরা আগের মজুদ করা সার দ্বিগুণ/তিনগুণ দামে বিক্রি করছে। সারের দাম বেড়েছে বস্তা প্রতি ৪০ থেকে ৫০ টাকা। অনেক স্থান থেকে ইউরিয়া সার উধাও করে দেওয়া হয়েছে। বেশি দাম দিলে ডিলাররা গোপন গুদাম থেকে তা এনে বিক্রি করছে।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহন বিডিনিউজকে জানান, সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে মাঝে - মধ্যেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর এর শিকার হচ্ছে নিরীহ কৃষক ও প্রকৃত ডিলার। ডিলাররা জামানত দিয়ে ও অগ্রিম টাকা পরিশোধ করেও সার না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছেন।
