রাজশাহী ও ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত
রাজশাহীতে সোমবার সকালে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন এবং ময়মনসিংহে একই দিনে চার ঘণ্টার ব্যবধানে বিসকা ও শহরের মিন্টু কলেজ ক্রসিংয়ে দুটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যাহত হয় ঢাকা - জামালপুর রুটে ট্রেন চলাচলও।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, আমনুরা থেকে রাজশাহী আসার সময় একটি যাত্রীবাহী লোকাল ট্রেন সোমবার সকালে লাইনচ্যুত হয়। এতে প্রায় সাড়ে তিন ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।
রেলওয়ের উর্দ্ধতন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বেলা ১২টার দিকে ট্রেনটিকে উদ্ধার করে। রাজশাহী রেলস্টেশনে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
উল্লেখ্য এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজশাহীতে একটি মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হলে চাঁপাইনবাবগঞ্জ রুটে প্রায় ১৪ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে একই দিনে চার ঘণ্টার ব্যবধানে বিসকা ও শহরের মিন্টু কলেজ ক্রসিংয়ে দুদফা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
ময়মনসিংহ- গৌরীপুর রেলসড়কের বিসকার কাছে একটি মালবাহী ট্রেনের ১৯ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সোমবার বেলা পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় শহরের মিন্টু কলেজ রেলক্রসিং সংলগ্ন স্থানে একটি ওয়াগন লাইনচ্যুত হলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা - জামালপুর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনা কবলিত ওয়াগন তুলে লাইন মেরামত শেষ করার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সারা দেশের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে।
রেলওয়ে সূত্র বলেছে, রেল লাইন সংস্কার না করায় এ ধরনের ঘটনা ঘটেছে।
