হত্যাকারীদের শাস্তি দিতে হবে: কানসাট হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ১৪ দল নেতৃবৃন্দ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গুলি করে আটজনকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই এলাকায় এখনও আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে। বিক্ষুব্ধ মানুষ বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে তাদের ন্যায্য দাবির কথা জানান।
বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতদের বাড়ি গিয়ে পরিবার সদস্যদের সান্ত্বনা দেন।
পরে এক সমাবেশে ১৪ দল নেতৃবৃন্দ নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। তারা নিহতদের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে বলেন, অন্যথায় বিক্ষুব্ধ জনতা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হকসহ ১৪ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
