চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা সাদেক চৌধুরী নিহত
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ (উত্তর) নেতা মোহাম্মদ সাদেক চৌধুরী (৫৩) শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বহদ্দেরহাট কাচা বাজারে সকাল সাড়ে ১০টায় দ্রুতগামী বাসের ধাক্কায় এই নেতার জীবনের করুণ ইতি ঘটে।
চট্টগ্রাম জেলা ছাত্রলীগ নেতা (দক্ষিণ) সরওয়ার মোরশেদ রিক্সা যোগে যাওয়ার সময় চিনতে পেরে গুরুতর আহত অবস্থায় সাদেক চৌধুরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) এ নিয়ে যান।
ন্যাশনাল ব্যাংকের যুবলী শাখা ম্যানেজার সাদেক চৌধুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।
১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় নির্বাচনে রাঙ্গুনিয়া আসন থেকে অংশ নেন সাদেক চৌধুরী। ১৯৭৫ সালের পর তিনি বাংলাদেশ ছাত্র লীগের চট্টগ্রাম জেলা (উত্তর) কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্রী।
শনিবার সকাল ১০টায় লালদিঘী ময়দানে মরহুমের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হবে। পরে একই দিনে মরহুমের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে তাকে দাফন করা হবে।
