২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্যাতন সারা বিশ্বের মানবাধিকার লংঘন করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ২০০৫ সালে বিশ্বের মানবাধিকার রক্ষার বিষয়টিকে পিছনে রাখায় মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী নীতিকে দায়ী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বুধবার প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবিলা করার নামে মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সারা বিশ্বে নির্যাতন ও অসদাচরণ চালিয়ে যাচ্ছে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, অন্য দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ওয়াশিংটনের চাপ প্রয়োগ করার ক্ষমতা মার্কিন নীতিকে খর্ব করেছে এবং সেই সাথে দেশটি সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের কার্যনির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবৈধ কৌশল ব্যবহার করার বিষয়টি ভুল এবং উল্টো ফলাফল বহনকারি।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মার্কিন সামরিক বাহিনী নিয়মিত ইরাকি বন্দিদের সাথে রূঢ় ও অমানবিক আচরন করেছে। তাদের ভাষায়, খেলা হিসেবে অথবা চাপ থেকে মুক্ত পেতে সামরিক বাহিনীর সদস্যরা ইরাকি বন্দিদের সাথে এ আচরন করেছে।

কেনেথ রথ বলেন, রূঢ়, অমানবিক ও বর্বর আচরণের বিরুদ্ধে উত্থাপিত একটি বিলের বিরুদ্ধে ভেটো দিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হুমকি এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সিকে (সিআইকে) আইনের আওতামুক্ত রাখতে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির প্রচেষ্টা থেকে মার্কিন স্বেচ্ছাচারিতা নীতির প্রমাণ পাওয়া যায়।

রথ বলেন, এ ধরনের নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য বুশ প্রশাসনকে অবশ্যই একজন বিশেষ কৌসুলী নিয়োগ দিতে হবে এবং তদন্ত পরিচালনা করতে কংগ্রেসকে নিরপেক্ষ ও নির্দলীয় প্যানেল গঠন করতে হবে।

মানবাধিকার সংগঠনটি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কপটতার অভিযোগ মোকাবিলা করতে হবে। বিশেষ করে সুদানের দারফুরের হত্যাকান্ড, মায়ানমার, উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান, চীন এবং জিম্বাবুয়েতে নির্যাতনের ঘটনার জন্য।

বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বুশ প্রশাসন মানবাধিকার রক্ষার পক্ষে কথা বললেও এবং প্রশংসনীয় কাজ করলেও, প্রশাসনের বিশ্বাসযোগ্যতার অভাবের কারণে তাদের উদ্যোগের শেষ দেখা যাচ্ছে না।

এতে বলা হয়েছে, মিশর, রাশিয়া ও সৌদি আরবের ক্ষেত্রে নিরব ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ততাকে প্রকাশ করেছে।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিরক্ষা পদ্ধতি গ্রহণ করার জন্য হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন শরিক দেশগুলোর সমালোচনা করেছে।

ইসলামী সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে রাজনৈতিক মতাদর্শবিরোধীদের দমন করার চেষ্টা করার কারণে হিউম্যান রাইটস ওয়াচ মস্কো ও বেইজিংয়ের সমালোচনা করেছে।

২০০৫ সালে ৭০টিরও বেশি দেশের মানবাধিকার উন্নয়নের উপর জরিপ চালিয়ে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা ও চীনে মানবাধিকার লংঘনের বিষয় জোরালোভাবে উপস্থাপিত হয়েছে।