২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র সামরিক কমান্ডার সানিকে আদালতে হাজির না করায় চার্জ গঠন হয়নি

জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি ও দলের উচ্চ পর্যায়ের নেত্রী আলেয়া ফেরদৌসীর বিরুদ্ধে সবুজবাগ থানায় দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক মামলার চার্জ গঠন সম্ভব হয়নি। মামলার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আইন প্রয়োগকারীরা ওই দু’জনকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে চার্জ গঠন বিলম্বিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এই দুটি মামলায় আতাউর রহমান সানি ও আলেয়াসহ মোট সাতজনকে অভিযুক্ত করে আগামী ৩১ জানুয়ারি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল বাছিতের আদালতে চার্জশিট দাখিল করা হবে।

র‌্যাব সদস্যরা গত বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর পূর্ব গোড়ানের একটি বাসা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান বিস্ফোরকসহ সিদ্দিক ওরফে ইয়াসির, ইয়াসিরের স্ত্রী আলেয়া ফেরদৌসী, শামীম, জাকারিয়া জুয়েল, আকরামুল ইসলাম ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। অভিযান চলাকালে আতাউর রহমান সানি কৌশলে ঐ বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সবুজবাগ থানা পুলিশ অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।

ঢাকা মগানগর অতিরিক্ত চতুর্থ দায়রা জজ মঞ্জুরুল বাসেত মঙ্গলবার জেএমবি কমান্ডার সানি ও আলেয়াসহ অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারি অভিযোগপ্রত্র দায়েরের নতুন দিন নির্ধারন করেন।

র‌্যাব সদস্যরা গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকা পলেটেকনিকের লতিফ হল থেকে জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিকে গ্রেপ্তার করে।