২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

গাজীপুর ও যশোরে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়িতে মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০ ফুট নিচে খাদে পড়ে গেলে দুইজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ময়মনসিংহ থেকে ঢাকাগামী মিথিলা পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে নিরাপদ পরিবহনের অপর একটি বাস ধাক্কা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আলম (৩০) এবং অজ্ঞাত এক ব্যক্তি (৪০) প্রাণ হারায়। গুরুতর আহতদের মধ্যে নয়জনকে ঢাকা, গাজীপুর ও শ্রীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, যশোর মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে মঙ্গলবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুরে।

এদিকে যশোর-নড়াইল সড়কে শুক্রবার বাস দুর্ঘটনায় আহত শিশু খায়রুল ইসলাম (৮) মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যশোর জেনারেল হাসপাতাল সূত্র এখবর জানায়।