২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ঘটনায় নিহত ১, আহত ৭১

দেশের বিভিন্ন স্থানে তিনদিনের ঈদের ছুটিতে (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) পৃথক ঘটনায় একজন নিহত এবং সাংবাদিকসহ ৭১ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিডিনিউজ খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উত্তর নালকাটা নিজ বাড়িতে বুধবার রাতে সন্ত্রাসীরা পানছড়ি প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি এস চাকমা সত্যজিৎকে গুলি করে আহত করে।

আহত সত্যজিৎকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও পরে চট্টমেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম সৈয়দ খাঁ (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাত ১০টার দিকে একদল সশস্ত্র লোক সৈয়দ খাঁকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে।

এসময় সন্ত্রাসীদের হাত থেকে সৈয়দ খাঁকে বাঁচাতে এসে তার পিতা আবদুর রহিমসহ (৫০)  অপর পাঁচজন গুরুতর আহত হয়।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।  

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে একটি মিছিল বের করলে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।

এসময় উভয় দলের নেতা কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে ১৫ জন আহত হয়। এছাড়া সাতজন গুলিবিদ্ধ হয়।

বিডিনিউজ রাজশাহী ও মৌলভীবাজার প্রতিনিধি জানান, রাজশাহী ও মৌলভীবাজারে ঈদ জামাত নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়।