২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় বিমান ও নৌ চলাচলে বিঘ্ন, ঈদে ঘরমুখি মানুষের দুর্ভোগ

ঘন কুয়াশার কারণে সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত বিমান ও নৌ চলাচলে বিঘœ ঘটে। বিরূপ আবহাওয়ার কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চলাচলকারী অন্তত: নয়টি যাত্রীবাহি ফ্লাইট বিলম্বিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 02:33 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিডিনিউজের প্রতিনিধিরা জানান, কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া - দৌলতদিয়া ও কাজীরহাট নৌ রুটে নয় ঘন্টা ফেরী এবং লঞ্চ চলাচল বন্ধ থাকে। মুন্সীগঞ্জেও মেঘনা - ধলেশ্বরী নদীতে নৌ যান আটকা পড়ে।

এসব কারণে ঈদে ঘরমুখো মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অনুসন্ধান বিভাগ জানায়, ঘন কুয়াশার কারণে বিমানের দুটি আন্তর্জাতিক ফ্লাইটসহ নয়টি ফ্লাইট বিলম্বিত হয়।

বিমানের ঢাকা - কাঠমান্ডু রুটের সকাল ১১ টার ফ্লাইট বেলা দেড়টার পরে যাত্রা করে। ঢাকা - ব্যাংকক - সিঙ্গাপুর রুটের সকাল পৌনে ১১ টার ফ্লাইট যাত্রা করে বেলা পৌনে ১ টায়।

বিমানের অভ্যন্তরীণ রুটের ঢাকা - সিলেট ফ্লাইট সকাল সাড়ে ৮ টার বদলে সকাল ১১ টা ২৫ মিনিটে এবং ঢাকা - রাজশাহী - সৈয়দপুর রুটের সকাল ১১ টার ফ্লাইট বেলা দেড়টায় যাত্রা করে। এছাড়া বিমানের ঢাকা - চট্টগ্রাম রুটের সকাল ৮টার ফ্লাইট উড্ডয়নের আধ ঘন্টা পরে আবার জিয়া বিমানবন্দরে ফিরে আসে।

বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের ঢাকা - চট্টগ্রাম রুটের সকাল ৮ টার ফ্লাইট সকাল  পৌনে ৯ টায় ও একই রুটের সকাল ১০ টা ২০ মিনিটের ফ্লাইট সকাল ১১ টায়, ঢাকা - সিলেট রুটের সকাল সাড়ে ৭ টার ফ্লাইট সকাল ৯ টায় এবং ঢাকা -- যশোর রুটের সকাল সোয়া ১০ টার ফ্লাইট সকাল সাড়ে ১১ টায় যাত্রা করে।

বিডিনিউজের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া - দৌলতদিয়া ও কাজীরহাট নৌ রুটে ফেরী এবং লঞ্চ চলাচল রোববার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকে। ফলে পদ্মা নদীর দুপাড়ে শত শত ট্রাক ও বাস আটকা পড়ে।

বিডিনিউজের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জেও ঘন কুয়াশার কারণে মেঘনা - ধলেশ্বরী নদীতে নৌ - যান আটকা পড়ে চলাচল বিঘ্নিত হয়।

দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ১০ টি লঞ্চ, শতাধিক ছোট - বড় নৌকা ও ট্রলার, ৪০টি স্পীডবোট ও জাহাজ মেঘনা - ধলেশ্বরী নদীতে আটকা পড়ে।

সদরের চর কিশোরগঞ্জের কাছে দুটি ট্রলারের সংঘর্ষ হয়। মাওয়া ফেরি ঘাটে মধ্যরাত থেকে সকাল ৭ টা পর্যন্ত ফেরি চলাচল বিঘিœত হয়। দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। মাওয়ার উভয় পাড়ে কয়েকশ’ যাত্রী আটকা পড়ে।

এছাড়া মুক্তারপুর ফেরী ঘাটেও  রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ফেরী চলাচল বিঘ্নিত হয়।