২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের বাধার মুখে নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু

বিরোধী দলের বাধা এবং হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সামনে রেখেই সারা দেশে রোববার হযবরল অবস্থায় বিতর্কিত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সোমবার দু’টি রিটেরই শুনানির কথা রয়েছে। এর একটি দায়ের করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এমপি এবং অন্যটি অ্যাডভোকেট রহমত আলী, এমপি ও আসাদুজ্জামান নূর, এমপি।

নতুন ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিটের প্রেক্ষিতে নির্বাচন কমিশনও এ কাজ নিয়ে আশংকায় রয়েছে।  যদি নতুন ভোটার তালিকা প্রণয়নের ওপর নিষেধাজ্ঞা আসে, তাহলে পুরনো তালিকাই হালনাগাদ করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন, হাইকোর্টের রায়ের জন্যে আমরা অপেক্ষা করছি। তাই এবার ভোটার তালিকার প্রচারে তেমন কিছু করা হচ্ছে না।

অন্য বারের মতো এ বছর ভোটার তালিকা শুরুর ক্ষেত্রে সরকারিভাবে কোন আনুষ্ঠানিকতাও রাখা হয়নি। বিরোধী দলের নেতা শেখ হাসিনা ভোটার হবেন কিনা এ ব্যাপারে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা যোগাযোগ করেছিলেন। তবে শেখ হাসিনার দপ্তর থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে তার (হাসিনা) সময় নেই।

নির্বাচন কমিশন সচিবালয়ও অস্বাভাবিক নীরব যদিও এ রকম সময়ে কর্ম চাঞ্চল্য থাকার কথা। মাঠ পর্যায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্যে স্থাপিত তথ্য সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র সাংবাদিকদের কোনও তথ্য দিতে পারেনি।

তবে ভোটার তালিকা প্রণয়নে প্রথম দিন মাঠ কর্মীদের তেমন কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি।

একজন কর্মকর্তা বলেন, নতুন ভোটার তালিকার প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ রোববার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করায় মাঠ কর্মীরা বাড়ি বাড়ি যেতে ভয় পান।

আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ ঢাকায় নির্বাচন কমিশন ও সারা দেশে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। তবে রাজধানীর রাসেল স্কয়ারে সমাবেশ শেষে মাত্র কয়েক গজ এগোনোর পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংঘর্ষে সাংবাদিক, পুলিশও যুবলীগ নেতাকর্মীসহ ৩০ জন আহত হন।

নতুন ভোটার তালিকার ব্যাপারে আব্দুল জলিল বলেন, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের এ ভোটার তালিকা আমরা মানিনা। তাকে আগে পদত্যাগ করতে হবে। তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। 

অবশ্য নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার পুরোনো ভোটার তালিকা হাল নাগাদ করার জন্যে মতামত দিয়েছেন। 

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১ জানুয়ারি  যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারাই এবার ভোটার হতে পারছেন।

ভোটার তালিকা তৈরির জন্যে সারা দেশে প্রায় তিন লাখ লোক কাজ করছে। এর মেেধ্য ৮৩ জন রেজিস্ট্রেশন অফিসার, ৬,২৭০ জন সহকারি রেজিস্ট্রেশন অফিসার, ৫৫,৬৮৪ জন সুপারভাইজার এবং ২১৬,৭২২ জন তথ্য সংগ্রহকারী।

অভিযোগ রয়েছে, নিয়োগ করা কর্মকর্তাদের একটি বড় অংশ ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক। আর গত সেপ্টেম্বরে যে ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, তাদের অর্ধেকেরও বেশি সরকারি জোটের প্রধান দুই দলের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা-কর্মী এবং তাদের আত্মীয়-স্বজন বলে অভিযোগ রয়েছে।

প্রতি জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ভোটার তালিকা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সিটি কর্পোরেশনসমূহে উপ-নির্বাচন কমিশনার এবং ক্যান্টনমেন্ট এলাকার জন্যে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্টের নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

মাঠ পর্যায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্যে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি তথ্য সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে । যদিও এব্যাপারে এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র  সাংবাদিকদের কোন তথ্য দিতে পারেনি।