জঙ্গিবাদের উত্থান: দারিদ্র্য, পশ্চিমা মদদ ও সরকারের অস্বীকৃতি জঙ্গিবাদকে শক্তিশালী করেছে
২০০৪ সালের ৩১ মার্চ, সকাল। বাগমারার অধিবাসীরা অবাক বিস্ময়ে দেখলো শত শত জোব্বা পরা সশস্ত্র মানুষ আল্লাহু আকবার ধ্বনি তুলে মিছিল করতে করতে গ্রামে প্রদক্ষিণ করছে। কারও পরনে সবুজ আলখাল্লা। কেউ প্যান্ট শার্ট পরা। ঘাড়ে তরবারি। মিছিলের সামনে খাকি প্যান্ট চেক শার্ট পরা সুঠাম দেহের একজন। হাতে রক্তমাখা রামদা। অন্যদের হাতেও বিভিন্ন অস্ত্র। গ্রামের লোকজন ফিসফিস করে একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো- এরা কারা?
সেদিন বাগমারার লোকেরা প্রথমবারের মতো জানলো চরমপন্থি অধ্যুষিত অঞ্চলে আরেক সন্ত্রাসী দলের উদয় হয়েছে।
১৯৯৯ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে সন্ত্রাসীদের সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করে। দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, নাটোর, ঢাকা, কুষ্টিয়া বান্দরবান এবং চট্টগ্রামে মূলত এসব প্রশিক্ষণ চলতো। কিন্তু সরকার বরাবরই বলতে থাকে এগুলো সব-ই সাংবাদিকদের বানানো অভিযোগ।
বাগমারায় যখন বাংলা ভাই তার নিজের শাসন কায়েম করলো তখনও শাসক দলের শীর্ষ নেতারা বলা শুরু করলেন, বাংলা ভাই বলতে কারও অস্তিত্ব দেশে নেই। সরকারের এমন দায়সারা কথাবার্তা আর উত্তরাঞ্চলে শাসক দলের মন্ত্রী ও এমপিদের মদদে সারাদেশে ছড়িয়ে পড়ে জেএমবির কার্যক্রম।
জেএমবি তাদের জঙ্গি কর্মকাণ্ড বিস্তারে উত্তরাঞ্চল এবং হাওর অঞ্চলের মানুষের অসীম দারিদ্র্যকে পুঁজি করে এগোয়। আর জঙ্গি কাজে ‘টেস্টিং গ্রাউন্ড’ হিসেবে তারা প্রথম বেছে নেয় বাগমারা, আত্রাই এবং রাণীনগরকে। ‘৮০ এর দশক থেকে এই অঞ্চল ছিল চরমপন্থি অধ্যুষিত। বাগমারা বরেন্দ্র এলাকার সবচেয়ে নিচু অঞ্চল। এটা মূলত বিল অঞ্চল। এখানে ৯০% মানুষ ভূমিহীন। ফলে জোতদারের অত্যাচার আর দরিদ্রতার কারণে ‘৮০ এর দশকে এখানে বিস্তার লাভ করে চরমপন্থিদের কার্যক্রম। ‘৯০ এর দশকে তাদের কার্যকলাপ বহুগুণ বেড়ে যায়। আর এই চরমপন্থি আন্দোলনের নেতৃত্ব দেয় ড. মিজানুর রহমান টুটুল। খুন, লুটপাট, চাঁদা না দেওয়ায় বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে ধর্ষণ -- এসব ছিল এই এলাকার নিয়মিত ঘটনা।
এ এলাকায় কোন রাজনৈতিক দলই চরমপন্থিদের সাপোর্ট ছাড়া নির্বাচনে জিততে পারতো না। ফলে চরমপন্থিদের দিকে ঝুঁকে পড়ে রাজনৈতিক দলগুলো। চরমপন্থিদের সমর্থন পাওয়ার নেশায় রাজনৈতিক দলগুলো এক গ্র“পকে ঘায়েল করতে অন্য গ্র“পকে পৃষ্ঠপোষকতা করতে শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন সাংবাদিক জানান, বাগমারা, আত্রাই, রাণীনগরে এমন কোন দিন ছিল না যেদিন সেখানে একটি খুন হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চরমপন্থি দমনের জন্যে সর্বপ্রথম এই এলাকাতেই সেনাবাহিনী তাদের প্রথম অভিযান চালায়।
খুনখারাপির ধারাবাহিকতায় ২০০৪ সালের ৬ ফেব্র“য়ারি নলডাঙ্গা থানা এলাকায় সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা খুন হন। এর এক সপ্তাহ পর খুন হয় পুঠিয়া যুবদল নেতা পাখি। চরমপন্থিরা তাকে পাখির মতো গুলি করে হত্যা করে। উল্লেখ্য পুঠিয়া বিএনপি’র বহুল আলোচিত সাংসদ নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা।
স্থানীয় সূত্র জানায়, গামাও একটি চরমপন্থি গ্র“পের নেতৃত্বে ছিল। তার প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটায়। এই হত্যার প্রতিবাদে ৮ ফেব্র“য়ারি গামার সমর্থকরা রামসা কাজিপাড়া গ্রাম জ্বালিয়ে দেয়।
আর রাজনৈতিক এই দলাদলির সুযোগে শায়খ আবদুর রহমান তার মজলিশ-ই-শুরার নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মাধ্যমে এ অঞ্চলে জেএমবি’র কর্মকাণ্ড শুরু করে।
খনিজ সম্পদ লূট এবং সমাজতন্ত্রবিরোধী আন্দোলনে সাম্রাজ্যবাদী দেশগুলো মৌলবাদীদের মদদ দেয় ঃ
অনেকেই মনে করেন, রাতারাতিই জেএমবি’র সৃষ্টি হয়নি। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সূদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই জেএমবির জন্ম হয়েছে।
বাংলাদেশের বামপন্থী নেতারা মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মৌলবাদীদের উত্থান ঘটেছে।
এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজকে বলেন, শুধুমাত্র আফগানিস্তানের যুদ্ধেই নয়, ব্রিটিশ আমলেও সাম্রাজ্যবাদীরা উপমহাদেশের স্বাধীনতার আন্দোলন দমন করার জন্যে মৌলবাদীদের মদদ দেয়। সাম্রাজ্যবাদীরা সে সময় স্বাধীনতা আন্দোলন দমন করার লক্ষ্যে জামাতে ইসলামীর জন্ম দিয়েছিল।
তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদীরা সাপ হয়ে দংশন করে এবং ওঝা হয়ে চিকিৎসা করে।’
মুজাহিদুল ইসলাম সেলিমের মতে, বর্তমানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার যে উত্থান তার পেছনেও রয়েছে সাম্রাজ্যবাদীদের সুদূরপ্রসারী ষড়যন্ত্র। তারা প্রথমে বিভিন্ন দেশে জঙ্গিবাদসহ বিভিন্ন অপতৎপরতাকে উস্কে দেয়। পরে তা দমন করার নামে স্বাধীন দেশে হস্তক্ষেপ করে।
৮০ এর দশকে মূলত: আফগানিস্তান ও পাকিস্তানের মাদ্রাসাগুলোতে মগজ ধোলাইয়ের মাধ্যমে তরুণদের ইসলামী জঙ্গিবাদের কানমন্ত্র দেওয়া হয়। এসময় সৌদি আরবের ওহাবী অনুসারীদের সহায়তায় সিআইএ একাধিক প্রকাশনাও বের করে। এসবের মাধ্যমে কমিউনিজমকে ইসলামবিরোধী হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়। আর এভাবেই আফগানিস্তানের কমিউনিস্টদের উৎখাতে মুসলিমদের উদ্দীপ্ত করা হয়। যুক্তরাষ্ট্রেই এসব বই ছেপে পাক মাদ্রাসাগুলোতে বিলি করা হতো।
এ সময়ে দরিদ্র মানুষের সন্তানদের জন্যে মাদ্রাসার দরজা ছিল উন্মুক্ত। তাদের নতুন দীক্ষা ছিল ‘রুশদের ঘৃণা কর’। পরে তাদের টার্গেট হয় অমুসলিমরা। এসময় বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে দীক্ষা নেয়া তরুণরা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। ছড়িয়ে দেয় জেহাদের ডাক। সাউথ এশিয়া এনালাইসিস গ্র“প- এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
‘৮০ এর দশকে শত শত বাংলাদেশী তরুণ পাকিস্তানের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বিন নূরী মাদ্রাসা, জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, জামেয়া ফারুকিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় পড়তে যায়। পড়াকালীন সময় তাদের অনেকেই হরকাতুল জেহাদসহ অন্যান্য উগ্রবাদী দলে যোগ দেয়।
এদের মধ্য থেকেই এক সময় কয়েকশ’ বাংলাদেশী তরুণ সরাসরি আফগান যুদ্ধে যোগ দেয়।
বামপন্থী নেতাদের অভিযোগ, বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদের লোভে পশ্চিমা দেশগুলো এদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এ সম্পদ লুট করতে চায়।
তারা বলেন, এছাড়া ইউরেনিয়াম, তেল এবং হীরার খনি পাওয়ার সম্ভাব্যতায় সাম্রাজ্যবাদীরা আরও অস্থির হয়ে উঠেছে। এছাড়া দেশের অফুরন্ত গ্যাস ভাণ্ডারের দিকে রয়েছে সাম্রাজ্যবাদীদের শ্যেণ দৃষ্টি। বাংলাদেশের মাটির নীচে রয়েছে কয়লাসহ আরও মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার। ফলে এসব সম্পদ লুটের লোভে তাদেরই মদদে দেশে এমন অরাজকতা চলছে বলে বাম নেতারা আশংকা করছেন।
ইরাক ও আফগানিস্তানের উদাহরণ টেনে তারা বলেন, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের অফুরন্ত খনিজ সম্পদ বিশেষ করে তেলের ভাণ্ডার লুট করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাম্রাজ্যবাদী দোসররা বিশ্ব জনমতকে তোয়াক্কা না করেই সেইসব দেশে চালিয়েছে আগ্রাসন। দেশগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। সাম্রাজ্যবাদীদের বানানো পুতুল সরকার শাসন করছে তেলসমৃদ্ধ কুয়েতকে।
ইরাক যুদ্ধের শুরু থেকে জঙ্গিগোষ্ঠীগুলো তাদের সুইসাইড স্কোয়াড গঠন শুরু করে। যুদ্ধের ডামাডোলের সময় তারা ঢাকায় ছড়িয়ে দেয় লিফলেট। ওই লিফলেটে বলা হয় ঃ মার্কিন বিরোধী যুদ্ধে ‘মৃত্যুঞ্জয়ী’ নামের সুইসাইড স্কোয়াডে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১২০০ জন নাম তালিকাভুক্ত করেছে।
এ কাজে ৬ দিন ব্যাপী ক্যাম্পেইনও সে সময় চালানো হয়। ১১ এপ্রিল পর্যন্ত ওই ক্যাম্পেইন চলে ঢাকায়। ক্যাম্পেইনের প্রথম দিন ওই স্কোয়াডের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে নিবন্ধন এর কাজ শুরু করে। লিফলেটে দাবি করা হয় ইরাক যুদ্ধে বাংলাদেশ থেকে কমপক্ষে ১২০০ জন সুইসাইড স্কোয়াডের সদস্য মার্কিন বিরোধী যুদ্ধে যোগ দিচ্ছে।
জেএমবি ও জেএমজেবির পক্ষে সরকারের বিবৃতি:
বিভিন্ন সময় গণমাধ্যমে জেএমবি’র নাশকতা সম্পর্কে রিপোর্ট প্রকাশ হলেও সরকারের সর্বোচ্চ মহল, জোট সরকারের শীর্ষ নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা সবসময়ই জেএমবি’র অস্তিত্বকে অস্বীকার করে এসেছেন।
গত বছরের ২৬ জানুয়ারি বিবিসি রেডিও- এর সাথে এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, বাংলা ভাই এবং তার সংগঠন জেএমজেবি সম্পর্কে অফিসিয়ালি তিনি অবগত নন। কতিপয় সংবাদপত্র বাংলা ভাই এবং তার সংগঠন জেএমজেবি সম্পর্কে রিপোর্ট লিখছে।
গত বছরের ১৩ ফেব্র“য়ারি জেএমজেবিকে নিষিদ্ধ ঘোষণা করার পর একই সংবাদ মাধ্যমকে বাবর বলেন, আমরা বিব্রত বোধ করছি।
জামাতের আমীর এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ২২ জুলাই সাংবাদিকদের বলেন, বাংলা ভাই সংবাদপত্রের সৃষ্টি।
তিনি বাংলাভাইয়ের সাথে সংবাদপত্রের সম্পর্র্ক রয়েছে বলেও অভিযোগ করেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের সাথে যদি বাংলা ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে তারা কিভাবে তার (বাংলাভাই) সাক্ষাৎকার প্রকাশ করে।
গত বছরের ২২ জুন সংসদ ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিজামী বলেন, তথাকথিত বাংলা ভাইয়ের যদি কোনও অস্তিত্ব না থাকে তাহলে সরকার কাকে গ্রেপ্তার করবে?
এর আগে বিভিন্ন সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকার ২০০৩ সালের ১১ জানুয়ারি দেশব্যাপী শুরু করে অপারেশন ক্লিন হার্ট। ওই অপারেশনে সেনাবাহিনীর ২৪,০২৩ জন এবং নৌবাহিনীর ৩৩৯ জন সদস্য অংশ নেয়। এছাড়া ওই অভিযানে বিডিআর সদস্যরাও ছিল। অপারেশন ক্লিনহার্টে ১১, ২৮০ সন্ত্রাসী ধরা পড়ে। তার মধ্যে তালিকাভুক্ত অপরাধী ছিল ২, ৪৮২ জন। এছাড়া ২০২৮টি অস্ত্রশস্ত্র এবং ২৯, ৭৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
২০০৩ সালের ১৯ জুলাই সরকার দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলে অপারেশন স্পাইডার ওয়েভ নামে আরেকটি ব্যাপক মাত্রার অপারেশন পরিচালনা করে। ওই অপারেশনে বিডিআর এর ১৪০০ সদস্য ছাড়াও পুলিশ ও আনসার অংশগ্রহণ করে। কিন্তু দাগী সন্ত্রাসী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থিদের ধরতে সরকার যেমন আন্তরিকতা দেখিয়েছিল ঠিক তেমনিই উদাসীনতা দেখিয়েছে জঙ্গি ধরতে।
যার পরিণতি ভোগ করতে হয়েছে দেশের মানুষকে।
