বাংলা ভাই ব্রাহ্মণবাড়িয়ায় !
দুর্ধর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাই এখন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে, এমন একটি খবর বুধবার সারা ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনার খোড়াকে পরিণত হয়েছে। তবে পুলিশ এর সত্যতা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
বিভিন্ন সূত্র বলছে জেএমবি’র শীর্ষ নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাই সম্ভবত কসবা আখাউড়া সীমান্ত এলাকায় নিরাপদে অবস্থান করছে। আখাউড়া-কসবার একাধিক সূত্র সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সম্ভবত এটি গুজব, তবে জেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের লোকজন রয়েছে। গুজবের ফলে তাদের আরো সক্রিয় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জেএমবি নেতা বাংলা ভাই সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে একটি মাদ্রাসায় রাত্রিযাপন করে। তবে স্থানীয় জঙ্গিরা তাকে প্রথমে আখাউড়া ও পরে কসবা সীমান্ত এলাকায় পাঠিয়ে দেয়।
সর্বশেষ খবর অনুযায়ী বাংলা ভাই ত্রিপুরা সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন কোনও এলাকায় আত্মগোপন করে আছে বলে জানা গেছে।
অন্য একটি সূত্র মতে, বোমা হামলার কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর এলাকায় জেএমবির ক্যাডাররা ব্যাপক তৎপরতা চালায়। এক পর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে দু’ক্যাডার পালিয়ে যেতে বাধ্য হয়।
সূত্রটি জানায়, তখন প্রভাবশালী ব্যক্তিদের ওই ক্যাডাররা জানিয়েছিল, তারা ইসলাম প্রচারে এসেছে। সারা দেশে বাংলা ভাইয়ের নির্দেশে তাদের কার্যক্রম চলছে।
জরেজমিনে জানা যায়, গত তিন মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে চার বার অর্ধ শতাধিক বোমা বিস্ফোরিত হয়।
