পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত, খুলনায় সংঘর্ষ, আহত ২২-১ম লিড
সারা দেশের প্রেট্রোল পাম্পে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে খুলনায় সংঘর্ষে একজন সাবেক সংসদ সদস্য ও একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। অবশ্য পরে ১৫ নভেম্বর পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করা হয়।
তবে ধর্মঘট পালনকারী মালিকদের পাম্প ছাড়া বেশিরভাগ পাম্প খোলা থাকায় তা জনজীবনের খুব একটা প্রভাব ফেলেনি।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট ও পেট্রোল পাম্প মালিক সমিতি বুধবার তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে। জ্বালানি উপদেষ্টার সঙ্গে এক বৈঠকের পর পেট্রোলিয়াম বিক্রয়ের ক্ষেত্রে কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে তারা বুধবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছিল।
তবে আলহাজ্ব আবদুর রহমান ও সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের নেতৃত্বাধীন ট্যাঙ্ক লরি শ্রমিক সমিতি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ফুয়েল ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়শেন আগেই এ ধর্মঘট প্রত্যাহার করেছিল।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে বৈঠকে ধর্মঘট সমর্থনকারী মালিক সমিতির পক্ষে নেতৃত্ব দেন সমিতির সভাপতি নাজমুল হক। বৈঠকে মাহমুদুর রহমান বলেন, সমিতির দাবির ব্যাপারে যেহেতু একটি কমিটি কাজ করে যাচ্ছে তাই ধর্মঘট ডাকার কোনও বৈধতা নেই।
কমিটির যেহেতু ৩১ অক্টোবর প্রতিবেদন পেশ করার কথা রয়েছে তাই বুধবার বিকেল ৩টায় সমিতির এক বৈঠকে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়।
বৈঠকে মাহমুদুর রহমান বলেন, ডিস্ট্রিবিউটররা এখনকার নগদ প্রদান ব্যবস্থার পরিবর্তে ৪৮ ঘন্টার মধ্যে মূল্য পরিশোধ করার মাধ্যমে তেল সরবরাহ করতে পারবেন।
সকল অনিয়ম দূর করার ব্যাপারে পাম্প মালিকরা সম্মত হওয়ায় এ ব্যাপারে কাজ করার জন্য বৈঠকে পর্যবেক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সমিতির নেতারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তবে ওই বৈঠকে তারা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, খুলনায় ধর্মঘট চলাকালে ধর্মঘটি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে সাবেক একজন সংসদ সদস্য এবং এক ওসিসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এসময় তিনটি ট্যাঙ্ক লরি ভাংচুরের ঘটনা ঘটে এবং চার ঘন্টা ধরে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সকালে সাজ্জাদুল করিম কবুলের মালিকানাধীন তিনটি ট্যাঙ্ক লরি নগরীর খালিশপুর যমুনা তেল ডিপোতে তেল নিতে আসলে ধর্মঘট সমর্থকরা লরিগুলো ভাংচুর করে।
এসময় পুলিশ লরি ভাংচুরকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিষয়টি পরিবহন শ্রমিক নেতা পেট্রোল পাম্প মালিক সাবেক সংসদ সদস্য গফফার বিশ্বাসকে জানায়। গফফার বিশ্বাসসহ শ্রমিকরা যমুনা তেল ডিপোর কাছে আসলে প্রতিপক্ষ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ২০ জন শ্রমিক আহত হয়। সংঘর্ষকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত হন খালিশপুর থানার ওসি আশরাফুল আলম হাওলাদার।
অপরদিকে সংঘর্ষ থামাতে পুলিশের লাঠিচার্জে গফফার বিশ্বাস পায়ে গুরুতর আঘাত পান।
সংঘর্ষের ঘটনায় ধর্মঘটি শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুপাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক ১৩ জন ধর্মঘটী শ্রমিককে ছেড়ে দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
