রমজানে পানি সরবরাহ নিশ্চিত করার ওয়াসার প্রতি মান্নান ভূঁইয়ার আহ্বান
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আসন্ন রমজানে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াসা একটি সর্বোচ্চ সেবা ধর্মী প্রতিষ্ঠান। ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলে ঢাকার সব মানুষ মারা যাবে। ওয়াসাকে রমজানে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে নাগরিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে হবে।
বুধবার ঢাকার কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক প্রশংসা সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিগত অর্থবছরে ওয়াসার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সাফল্য অর্জনকারি সহকারি রাজস্ব কর্মকর্তা ও মাঠ কর্মকর্তাদের পুরস্কৃত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াসার সাতটি অঞ্চলের মোট ১৯৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় একটি সনদপত্র ও নগদ এক হাজার টাকা। মন্ত্রী সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাফল্য অর্জনকারি ১৪ জন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।
ওয়াসা কর্তৃপক্ষ জানায়, বিগত অর্থবছরে ওয়াসা ১৯২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের বছর এই আদায় ছিলো ১৬১ কোটি টাকা। ২০০২-০৩ অর্থবছরে রাজস্ব আদায় হয় মাত্র ১২৭ কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আদায় আরো প্রায় ৫০ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, ওয়াসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী এম ফিরোজ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শহীদুর রহমান প্রধান, বানিজ্যিক ব্যবস্থাপক নূরুল হুদা মিয়া প্রমুখ।
মান্নান ভূঁইয়া বলেন, এক কোটি ২৫ লাখ লোকের শহর ঢাকায় ওয়াসার গ্রাহক মাত্র আড়াই লাখ। এ সংখ্যা আট থেকে ১০ লাখ হওয়া উচিত। এদিকে ওয়াসার কর্মকর্তা ও কর্মচারিদের দৃষ্টি দিতে হবে।
