স্থায়ী কমিটির বৈঠকে এসিআর কেলেঙ্কারির কঠোর সমালোচনা
জাতীয় সংসদের সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মঙ্গলবার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সংরক্ষণ, টেম্পারিং ও মিসিং এর বিষয়ে কঠোর সমালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে এ বিষয় বিশেষ সতর্কতা অবলম্বন এবং আগামী সভায় এসব বিষয়ের ওপর একটি প্রতিবেদন দাখিলের সুপারিশ করে কমিটি।
কমিটির ১৩তম বৈঠক এর সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, আওয়ামী লীগের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, উপাধ্যক্ষ আবদুস শহীদ, এবং বিএনপি’র জহির উদ্দিন স্বপন বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন বৈঠকে যোগদান করেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এস এম আবদুল হালিম বৈঠককে জানান, যেসব কর্মকর্তাদের কম নম্বর দেয়া হয়েছে তাদের উষ্কানিতে এসিআর নিয়ে এ অব্যবস্থা করা হয়েছে।
সভায় অবহিত করা হয় যে, ১৯৯১ সন থেকে ২০০৪ পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাগণের বিরুদ্ধে ৮০০টি বিভাগীয় মামলার মধ্যে ৭২৪টি নিষ্পন্নকৃত মামলায় ২৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের শাস্তিমূলক ব্যবস্থা, ৩৭৭ জনকে অব্যাহতি এবং ৭৪ জনকে সতর্ক করে অব্যাহিত দেয়া হয় এবং অনিষ্পন্ন মামলার সংখ্যা ৭৪টি। কমিটি বিভাগীয় মামলার দ্রুত নিষ্পত্তি এবং নির্দোষ কর্মকর্তা যাতে কোন মতেই শাস্তি না পায় সে বিষয়ে সজাগ থাকার সুপারিশ করে।
সভায় পরিবহণ পুলের গাড়ি সততা এবং সতর্কতার সাথে সরকারি অর্থের সাশ্রয়ের বিষয় বিবেচনা করে রক্ষণাবেক্ষণ করার সুপারিশ করা হায়। ওএসডি কর্মকর্তাদের সরকারি গাড়ি এবং জ্বালানি সরবরাহে বিশেষ সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। পরিবহণ পুলের অব্যবহারযোগ্য গাড়িসমূহের টেন্ডারের মাধ্যমে বিক্রয় বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
