২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্ক ভিটার ৫ বছরে ২ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি, সংসদীয় কমিটিতে ক্ষোভ, তদন্ত কমিটি গঠিত

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ‘মিল্ক ভিটা’য় পাঁচ বছরে দুধের ঘাটতি ও অতিরিক্ত জ্বালানি ব্যবহার দেখিয়ে দুই কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতি ও অনিয়ম ধরা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এ নিয়ে বৈঠকে উপস্থিত সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

কমিটির সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অবিলম্বে জড়িত ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অর্থ আদায়সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ঘটনার তদন্তে বিএনপি’র সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদেরের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এএসএইচকে সাদেক ও কর্ণেল (অব.) শওকত আলী, বিএনপির মঞ্জুর কাদের, সুলতান মাহমুদ বাবু, জিয়াউল হক মোল্লা, ডা. সালেক চৌধুরী ও আব্দুল গনি এবং জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

কমিটির সদস্যরা ঘটনার সমালোচনা করে বলেন, একজন বয়লার অপারেটর বছরের পর বছর চুরি করে গেছে। অথচ কর্তৃপক্ষ কোনো কিছুই দেখেনি, এটা হতে পারে না।

বৈঠকে উপস্থাপিত নথিপত্রে বলা হয়, দুধের ঘাটতি ও বয়লারে অতিরিক্ত জ্বালানি ব্যবহার দেখিয়ে প্রতিষ্ঠানটিতে ওই বিশাল অংকের আর্থিক অনিয়ম হয়। এর মধ্যে দুধের ঘাটতি দেখিয়ে এক কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৬১৫ টাকা ও বাঘাবাড়ি দুগ্ধ কারখানায় মাত্রাতিরিক্ত জ্বালানি ব্যবহার দেখিয়ে ৫৫ লাখ ৯৯ হাজার ৭২৫ টাকার আত্মসাত করা হয়।

এতে আরো জানানো হয়, দুধের ঘাটতি হওয়ার অপরাধে মিল্ক ভিটা কর্তৃপক্ষ মাত্র সাতজন কর্মকর্তা ও কর্মচারির পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেতন কেটে রেখেছে।

এর মধ্যে এক কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৬১৫ টাকা আত্মসাতের দায়ে মিল্ক ভিটার প্রাক্তন ব্যবস্থাপক নূরুল ইসলামকে নোটিশ দেওয়া হয়েছে। উৎপাদন তত্বাবধায়ক লুৎফর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও বয়লার অপারেটর শফিকুর রহমানের দুটি ইনক্রিমেন্ট বন্ধসহ পাঁচ হাজার টাকা, আলী আজমের আট হাজার টাকা, এবং প্রাক্তন ভান্ডার রক্ষক আবু বকরের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য আরো দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, ১৯৮৮ সালের জানুয়ারি মাস থেকে ১৯৯৩ সালের মার্চ মাস পর্যন্ত বাঘাবাড়িতে জ্বালানি খরচ ছিল প্রতি ঘন্টায় গড়ে ৭০ দশমিক ৮৬ লিটার। পরে নতুন বয়লার অপারেটর যোগ দেওয়ায় এ খরচ ঘন্টায় মাত্র ৫১ লিটারে নেমে আসে। এতে প্রতি ঘন্টায় জ্বালানির সাশ্রয় হয় প্রায় ১৯ দশমিক ৮৬ লিটার। এ হিসেবে ওই সময়ে প্রতিষ্ঠানটির মোট ৫৫ লাখ ৯৯ হাজার ৭১৫ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এছাড়াও বাজারজাতকালে তরল দুধে ঘাটতি হওয়ায় প্রতিষ্ঠানের ২০ লাখ চার হাজার ৫১৩ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।