২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম দেশগুলোয় জ্ঞান বিজ্ঞানের আরও চর্চা জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিভিন্ন মহলে বিভ্রিান্তিকর প্রচার প্রচারণা চলছে। জ্ঞান বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব ও দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেই কেবল এসব প্রচারণার যোগ্য জবাব দেওয়া সম্ভব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এ জন্যে ইসলামি উম্মাহর দেশগুলোয় জ্ঞান বিজ্ঞানের আরও অধিক চর্চা, পারস্পরিক সমঝোতা, সংহতি, ঐক্য খুবই জরুরি। একটি শক্তিশালি নিজস্ব মিডিয়া নেটওয়ার্ক ও অর্থ তহবিল সংগঠন এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র স্থাপনের কথা এক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি’র (আইইউটি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি ওআইসি সদস্যভুক্ত বিভিন্ন দেশের ১শ’৭১ জন ডিগ্রি ও ডিপ্লোমা অর্জনকারীর মধ্যে সনদ বিতরণ এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে স্বর্ণপদক প্রদান ছাড়াও আইইউটি-র পরিচালনা পর্ষদের ৩১তম সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপাচার্য প্রফেসর ড. এম ফজলুল ইলাহি-র সভাপতিত্বে প্রধানমন্ত্রী ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে আইইউটির আচার্য ড. ইকমেলেদ্দিন ইসানুগ্লো’র লিখিত বক্তব্য পাঠ করেন ওআইসির সহকারী মহাসচিব আলী আকবর সালেহি, আইইউটির রেজিস্ট্রার এম আহসান হাবিব প্রমুখ। এসময় মঞ্চে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুখ, তথ্য যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এমপি উপবিষ্ট ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন শতকে প্রযুক্তি, প্রকৌশল কারিগরি ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সূচিত হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। অর্জিত হয়েছে অভাবনীয় অগ্রগতি। বিশ্বের অনেক দেশের মানুষ এর সদ্ব্যবহার করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। আজকের দ্রুত পরিবর্তনশীল ও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের মাথা উচুঁ করে দাঁড়াতে হলে, টিকে থাকতে হলে, আরও সামনে এগিয়ে যেতে হলে, বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞান চর্চার মূল ধারার সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আইইউটি ইউরোপীয় ইউনিয়নের এশিয়া লিংক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে আপনারা আরও অর্থবহ অবদান রাখবেন। আমার বিশ্বাস, আপনাদের নিরলস প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করতে পারবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সদনপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন পটভূমি থেকে লেখাপড়া করতে এসে এখানে দীর্ঘ অবস্থানকালে পরস্পরকে জানার সুযোগ আপনাদের হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ববোধের চেতনায় এ ক্যাম্পাসে আপনাদের মাঝে যে মৈত্রী গড়ে উড়েছে, আমি আশা করবো, সৌহার্দ্যের সেই বন্ধন চিরস্থায়ী হবে। ওআইসি সদস্য দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময় এবং ইসলামি উম্মাহর সংহতি সুদৃঢ় করতে তা সুদূরপ্রসারী আবদান রাখবে। দু’দশক ধরে অবকাঠামোগত সম্প্রসারণ ও সঠিক সময়ে কোর্স সমাপনে আইইউটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

পরে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক প্রদান করেন। এবার ওআইসি স্বর্ণপদক লাভ করেন এমএসসি (টেক) বাংলাদেশী ছাত্র রুহুল আমিন। এছাড়া তিন বাংলাদেশী ছাত্র আইইউটি স্বর্ণপদক লাভ করেন। তারা হলেন, গোলাম সারওয়ার (বিএসসি ইঞ্জি-ইলেকট্রিক) মইনুল হাসান বান্না (বিএসসি ইঞ্জি-মেকানিক্যাল) এবং এসএম ফয়সাল (বিএসসি-ইন-সিআইটি)।

সনদপ্রাপ্ত ১শ’৭১ জনের মধ্যে বাংলাদেশের ১শ’৩৭ জন, ক্যামেরুনের ১০ জন, পাকিস্তানের সাতজন, মালদ্বীপের চারজন, প্যালেস্টাইনের চারজন, সোমালিয়ার তিনজন, লিবিয়া’র দু’জন এবং সেনেগাল, জর্ডান, ইয়েমেন ও সিয়োরা লিওনের একজন করে শিক্ষার্থী রয়েছে।