২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার সামরিক প্রতিনিধি দলের বাংলাদেশ ত্যাগ

বাংলাদেশে শুভেচ্ছা সফর শেষে মায়ানমার সামরিক প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মায়ানমার স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এর সদস্য এবং মায়ানমার সশস্ত্রবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল থুরা শুয়ে মান এর নেতৃত্বে প্রতিনিধিদল তিন দিন বাংলাদেশে অবস্থান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, চট্টগ্রাম বিমানবন্দরে মায়ানমার প্রতিনিধিদলকে বিদায় জানান সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদ।

প্রতিনিধিদল চট্টগ্রামে অবস্থিত ২৪ পদাতিক ডিভিশন সদর দফতর, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করেন।

বাংলাদেশে আবস্থানকালে মায়ানমার সামরিক প্রতিনিধিদল প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথেও সৌজন্য সাক্ষত করেন।

সফররত মায়ানমার প্রতিনিধিদল বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মুস্তফা রেজা নুর এর সঙ্গেও তাদের স্ব স্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে প্রতিনিধিদল মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিও পরিদর্শন করেন।