মায়ানমারের ৩১ সদস্যর প্রতিনিধি দল এখন ঢাকায়
মায়ানমার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল থুরা শুয়ে মান’র নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল তিন দিনের এক শুভেচ্ছা সফরে শনিবার ঢাকা এসে পৌঁছেছে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধি দল কুর্মিটোলা বিএএফ টারমাকে এসে পৌঁছলে তাদেরকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদ। বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদুত উ থিন মিন্ট এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মুস্তফা জেরা নূর এ সময় উপস্থিত ছিলেন।
মায়ানমারের বানিজ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনালে টিং নায়াং থিনও এই প্রতিনিধি দলের সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
জেনারেল থুরা শুয়ে মান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বানে পুস্পস্তবক অর্পন করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সফররত মায়ানমার জেনারেলকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি সেনাকুঞ্জ প্রাঙ্গণে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন।
মায়ানমার সামরিক প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিনিধি দলটি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত কয়েকটি সামরিক স্থাপনাও পরিদর্শন করবে। দলটির সোমবার বাংলাদেশ ত্যাগ করার কথা।
